বাংলাহান্ট ডেস্ক: প্রতিবেশী দেশ নেপালেও (India-Nepal) এবার গড়ে উঠতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-র অফশোর ক্যাম্পাস। পাশাপাশি, নেপালের তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও উদ্যোগের ক্ষেত্রে আরও দক্ষ করে তুলতে স্টার্টআপ ইনকিউবেটর এবং ইনোভেশন হাব তৈরির উদ্যোগ নিচ্ছে ভারত। সোমবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের (Balendra Shah) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ সহযোগিতার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
আইআইটি ও স্টার্টআপ হাব তৈরিতে হাত মেলাচ্ছে ভারত-নেপাল (India-Nepal):
শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি কৃষিক্ষেত্রেও নেপালকে (India-Nepal) পাশে থাকার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। খাদ্য প্রক্রিয়াকরণ এবং কৃষিজ পণ্যের মূল্যবৃদ্ধির লক্ষ্যে সে দেশে একটি ‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ গড়ে তুলতে সহযোগিতা করবে ভারত। এর ফলে নেপালের কৃষিভিত্তিক শিল্পের বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও মজবুত করতেই এই উদ্যোগ বলে মনে করছে কূটনৈতিক মহল।
আরও পড়ুন: নির্দিষ্ট নিয়ম মেনেই কী সব হচ্ছে? বিস্মিত বিচারপতি! রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
নেপালের তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে প্রস্তাবিত স্টার্টআপ ইনকিউবেটর এবং ইনোভেশন হাব বিশেষ ভূমিকা নিতে পারে। এর আগে আইআইটি মাদ্রাজ এবং তাদের ইনকিউবেশন সেন্টার ‘প্রবর্তক’-এর সহযোগিতায় চালু হয়েছিল ‘ইন্ডিয়া-নেপাল স্টার্টআপ পার্টনারশিপ নেটওয়ার্ক’ বা IN-SPAN। প্রকল্পটির প্রথম পর্যায়ে ২৫০টি আবেদনের মধ্যে ২৪টি নেপালি স্টার্টআপকে বেছে নিয়ে প্রশিক্ষণ ও মেন্টরশিপ দেওয়া হয়েছিল। নতুন পরিকাঠামো তৈরি হলে সেই উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মোদি। ভারতে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসা নেপালি পড়ুয়াদের জন্য বাড়ানো হবে বৃত্তির সুযোগ। বিশেষ করে আইন ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে আগ্রহীদের ক্ষেত্রে স্কলারশিপের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হবে। আইআইটি-র অফশোর ক্যাম্পাস তৈরি হলে নেপালের পড়ুয়াদের উন্নত কারিগরি শিক্ষা ও গবেষণার সুযোগও বাড়বে।

আরও পড়ুন: সপ্তম বেতন কমিশন গঠনে এত বিলম্ব কেন? রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষতি নিয়ে প্রশ্ন সরকারকে
সব মিলিয়ে শিক্ষা, প্রযুক্তি, কৃষি এবং উদ্ভাবন—একাধিক ক্ষেত্রে ভারত-নেপাল সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই ঘোষণা বলে মনে করা হচ্ছে। দুই দেশের তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি এবং নতুন উদ্যোগ গড়ে তোলার পথ প্রশস্ত করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে (India-Nepal)।












