সিঙ্গুরে শিল্পের সুদিন ফিরছে? শুধু গাড়ি নয়, কেমিক্যাল কারখানাও! বড় ইঙ্গিত অর্থমন্ত্রীর

Published on:

Published on:

Finance Minister Swapan Dasgupta hints industrial development in Singur

বাংলা হান্ট ডেস্ক : একসময় যে সিঙ্গুরকে (Singur) ঘিরে শিল্প বনাম কৃষির সংঘাত রাজ্যের রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছিল, সেই এলাকাতেই এবার একাধিক শিল্পপ্রকল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার অশোক লেল্যান্ডের হাত ধরে ট্রাক তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা সামনে আসতেই নতুন করে আশাবাদী স্থানীয়দের একাংশ। তার মধ্যেই আরও একটি শিল্পপ্রকল্পের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

সিঙ্গুরে (Singur) আসছে নয়া শিল্প

সিঙ্গুরকে কেন্দ্র করে বিনিয়োগের আলোচনা এখনও একটি নির্দিষ্ট শিল্পপ্রকল্পে আটকে নেই। একাধিক সংস্থা এলাকার পরিস্থিতি ও সম্ভাবনা খতিয়ে দেখছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “শিল্প ও বিনিয়োগ নীতি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সিঙ্গুর নিয়ে অশোক লেল্যান্ড আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি কেমিক্যাল কোম্পানিও আগ্রহ প্রকাশ করেছে। তবে সবটাই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও কিছু চূড়ান্ত হয়নি।”

Finance Minister Swapan Dasgupta hints industrial development in Singur

শিল্পের জন্য জমির জোগান নিশ্চিত করার বিষয়টিও এদিনের আলোচনায় উঠে এসেছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, কেমিক্যাল হাব তৈরির বিষয়ে সরকারের কাছে একটি প্রস্তাব জমা পড়েছে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে স্থায়ী জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, শিল্পের প্রয়োজনে জমি ব্যবহারের ক্ষেত্রে এই পরিবর্তন নতুন সুযোগ তৈরি করতে পারে। যদিও প্রস্তাবিত কেমিক্যাল হাব কোথায় তৈরি হবে, কতটা জমি লাগবে কিংবা কোন সংস্থা সেখানে বিনিয়োগ করবে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন : কলকাতার পুরভোট নিয়ে ফের সুপ্রিম কোর্টে শুনানি, আজ কী জানাবে কেন্দ্র?

অন্যদিকে, শিল্পের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই সিঙ্গুরের জমির বাজারে অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে। ন্যানো প্রকল্পের জন্য নির্ধারিত জমি এবং তার আশপাশের এলাকায় জমি কেনার আগ্রহ বেড়েছে বলে দাবি স্থানীয় কৃষকদের। তাঁদের বক্তব্য, বহু বছর ধরে যে জমিগুলি অনাবাদি হয়ে পড়েছিল, সেগুলির দামও বর্তমানে আগের তুলনায় আট থেকে দশ গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে। জমির এই চাহিদাকে কেন্দ্র করে এলাকায় মধ্যস্থতাকারী ও জমি কারবারিদের আনাগোনা বেড়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। ফলে শিল্প ফেরার আশার পাশাপাশি জমি নিয়ে নতুন করে অনিয়মের আশঙ্কাও তৈরি হয়েছে।

সিঙ্গুরের জমি নিয়ে প্রশাসনের পরিকল্পনাও সামনে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রস্তাবিত ট্রাক কারখানার জন্য প্রায় ৯৯৭ একর জমি যুক্তিসঙ্গত দামে কেনার বিষয়টি নিয়ে কাজ চলছে। জমির মালিক কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের মতামত জানার উদ্যোগও নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের আমলে টাটাদের গাড়ি কারখানা তৈরিকে কেন্দ্র করে জমি অধিগ্রহণের বিরোধিতা এবং আন্দোলন রাজ্য রাজনীতির অন্যতম বড় বিতর্ক হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে নেয় টাটা গোষ্ঠী। সেই ঘটনার পর বহু বছর কেটে গেলেও এলাকায় বড় শিল্প স্থাপনের প্রশ্নে কোনও স্থায়ী সমাধান হয়নি।