বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদনের পর মাসের পর মাস কেটে গেলেও অনেক মহিলা টাকা পাননি। অফলাইনে যারা আবেদন করেছিলেন, তাঁদের অনেকের আবেদনপত্র এখনও সরকারি দফতরে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে জমে থাকা ফর্মগুলি সংগ্রহ করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। আবেদনকারীদের কী করতে হবে সেটাও জানিয়েছেন তিনি।
অন্নপূর্ণা যোজনায় ‘বঞ্চিত’দের জন্য বড় উদ্যোগ | (Annapurna Yojana)
পাণ্ডবেশ্বরের বিধায়ক জানান, বহু মহিলা অন্নপূর্ণা যোজনার ফর্ম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও বিডিও অফিসে অফলাইনে জমা করেছিলেন। তবে নানা কারণে সেগুলি অনলাইনে আপলোড করা হয়নি। ফলে আবেদন করলেও তাঁরা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না।

জিতেন্দ্র জানান, এবার এই ফর্মগুলি সংগ্রহ করে কলকাতায় সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। বুধবার থেকে আগামী ৩০ নভেম্বর অবধি আবেদনপত্র জমা নেওয়া হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলবে।
আরও পড়ুনঃ পুর নিয়োগ মামলায় CBI স্ক্যানারে নতুন নাম! সুজিত বসুর শ্যালককে তলব কেন্দ্রীয় এজেন্সির
বিজেপি বিধায়ক বলেন, মূলত দু’টি জায়গায় অন্নপূর্ণা যোজনায় বঞ্চিতরা আবেদনপত্র জমা করতে পারবেন। পাণ্ডবেশ্বর ব্লকের হরিপুর বিধায়ক সেবা কেন্দ্র ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি বিধায়ক সেবা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
বিধায়কের ঘোষণা অনুযায়ী, যেসব মহিলা আগে অফলাইনে ফর্ম জমা করেছিলেন, কিন্তু তাঁদের আবেদনপত্র অনলাইনে আপলোড হয়নি, তাঁরা এই দুই কেন্দ্রে পুরনো ফর্ম জমা করতে পারবেন। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তাঁদের নতুন করে আবেদনপত্র জমা করতে হবে না।
অন্নপূর্ণা যোজনার আবেদন বর্তমানে বন্ধ রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী জানুয়ারি মাসে ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে ফের এই প্রকল্পে আবেদনের সুযোগ পাবেন মহিলারা। এর মধ্যেই এখনও টাকা না পাওয়া বঞ্চিতদের ফর্ম কলকাতায় পাঠানোর উদ্যোগ নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। নিজের বিধানসভা এলাকায় ছয় দিন ব্যাপী বিশেষ কর্মসূচি চালাবেন তিনি।












