বাংলা হান্ট ডেস্কঃ পুজো শুরু হতেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অক্টোবরের কিস্তি পাঠিয়ে দিয়েছিল রাজ্য সরকার। সেপ্টেম্বর মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা ৩ হাজার টাকা করে পেয়েছিলেন। অক্টোবর মাসে এই প্রকল্পের (Government Scheme) উপভোক্তার সংখ্যা আরও বেড়েছে। নতুন করে আরও ৮ লক্ষ নাম যুক্ত হয়েছে। পাশাপাশি টাকা না পাওয়া আবেদনকারীদের নিয়েও সামনে এসেছে বড় আপডেট।
অন্নপূর্ণা যোজনা নিয়ে স্বস্তির খবর | (Annapurna Yojana)
নবান্ন সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার এখনও প্রায় ১৫ লক্ষ আবেদন জমা পড়ে রয়েছে। বকেয়া আবেদনগুলি দ্রুত খতিয়ে দেখার কাজ চলছে। পাশাপাশি এই প্রকল্প সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য ইতিমধ্যেই বিশেষ পোর্টাল চালু করেছে রাজ্য। সেই পোর্টালের মাধ্যমেও প্রায় ১৫ হাজার অভিযোগ জমা পড়েছে। সেগুলিও প্রশাসনের তরফে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ ২০২৮-এ দু’বার দুর্গাপুজো! কোন সময় ছুটি পাওয়া যাবে জানুন
নবান্ন সূত্রে খবর, নতুন আবেদনগুলি যাচাইয়ের পাশাপাশি কোনও যোগ্য মহিলা যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখছে রাজ্য প্রশাসন। এছাড়া অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন নিয়েও সামনে এসেছে বড় আপডেট।
সূত্র মারফত জানা গিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছিল। সেসব নথি ভালোভাবে যাচাই করতে অনলাইন ও অফলাইন, দু’ভাবেই অন্নপূর্ণা যোজনার আবেদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শীঘ্রই সেই জটিলতা কাটতে চলেছে। ফলে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস থেকে ফের অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে আবেদন করা যাবে।
তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় চালু হওয়া অন্নপূর্ণা যোজনা নিয়ে শুরু থেকেই ব্যাপক কড়াকড়ি করছে রাজ্য সরকার। নিখুঁতভাবে ঝাড়াই-বাছাইয়ের পর উপভোক্তা তালিকায় যোগ্য মহিলাদের নাম তোলা হচ্ছে। পাশাপাশি বকেয়া আবেদন ও জমা পড়া অভিযোগগুলিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।














