Durga Puja 2026 Live Updates

২০২৮-এ দু’বার দুর্গাপুজো! কোন সময় ছুটি পাওয়া যাবে জানুন

Published on:

Published on:

Durga Puja 2028 to be held twice check out Government holiday details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এবারের দুর্গাপুজো মিটতে না মিটতেই আগামী বছরগুলির পুজোর (Durga Puja 2028) সূচি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ১৯৮০ সালের পর ২০২৮ সালে ফের একবার এক বছরে দু’বার দুর্গাপুজো (Durga Puja) হতে চলেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত ও সূর্যসিদ্ধান্ত অনুযায়ী দুই পুজোর মধ্যে প্রায় ১৫ দিনের ব্যবধান থাকবে বলে খবর।

কোন পুজোয় ছুটি পাওয়া যাবে? | (Durga Puja 2028)

দুর্গাপুজো সাধারণত দু’টি মতে হয়। একটি হল দৃকসিদ্ধ বা বিশুদ্ধ সিদ্ধান্ত ও অপরটি গুপ্তপ্রেস বা সূর্যসিদ্ধান্ত। যা মেনে বেণীমাধব শীলের পঞ্জিকাও তৈরি। রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের নিয়ম কানুন যারা মেনে চলেন, তাঁরা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো করেন। অন্যদিকে পাড়ার বারোয়ারি পুজোগুলি সূর্যসিদ্ধান্ত অনুযায়ী হয়।

আরও পড়ুনঃ জনগণনার দ্বিতীয় ধাপে দিতে হবে ব্যক্তিগত প্রশ্নের উত্তর! কী কী জানতে চাওয়া হবে জানুন

শোনা যাচ্ছে, ২০২৮ সালে দু’টি পঞ্জিকা অনুযায়ী দুর্গাপুজোর সূচি আলাদা। দুই পুজোর মধ্যে প্রায় ১৫ দিনের ব্যবধান থাকবে। এর আগে ১৯৮০ সালেও এই রকম ঘটনা ঘটেছিল। সেই সময় দু’টি পুজোর মধ্যে প্রায় একমাসের ব্যবধান ছিল।

শাস্ত্রজ্ঞদের কথায়, বিশুদ্ধ সিদ্ধান্ত হল দৃকসিদ্ধ তথা গণিতকৃত গণনা। অন্যদিকে সূর্যসিদ্ধান্ত গণনা মহাজাগতিক অবস্থান দেখে হয়। সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ জয়ন্ত কুশারী জানান, দু’বার পুজো হলেও এর মধ্যে কোনও রকম কাদা ছোড়াছুড়ি নেই। কোনও পুজোই ভুল নয়। সাধারণ মানুষ চাইলে দু’বারের পুজোতেই অঞ্জলি দিতে পারেন। দুই পুজোই সম্পূর্ণ নিয়ম, রীতি, আচার মেনে হবে।

এই বিষয়ে গুপ্ত প্রেস পঞ্জিকার কর্ণধার অরিজিৎ রায়চৌধুরী বলেন, “আমরা সূর্যসিদ্ধান্ত মেনে চলি। ২০২৮ সালের পুজোর নির্ঘণ্ট নিয়ে বলার মতো সময় এখনও আসেনি। এখনও ২০২৭ সালের গণনা চলছে। ২০২৭ সালের পুজোর নির্ঘণ্ট অনুসারে দু’দিন অষ্টমী পড়েছে। তবে সেখানেও গরমিল আছে। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর দু’দিন নবমী।“

পঞ্জিকা ব্যবসায়ী পূর্ণচন্দ্র শীল জানান, বহু বছর আগে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কার্তিক মাসে দুর্গাপুজো হয়েছিল। অন্যদিকে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী আশ্বিন মাসে পুজো হয়। ২০২৮ সালে যদি আরও একবার এমনটা হয়, তাহলে সবার কাছে চমকপ্রদ হবে।

Durga Puja 2028

এদিকে ২০২৮ সালে দু’বার পুজো হলে কোন পুজোয় ছুটি পাওয়া যাবে, এই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। শাস্ত্রজ্ঞরা জানান, আশির দশকে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সূর্য সিদ্ধান্ত অনুসারে ছুটি দিয়েছিলেন। কারণ সব বারোয়ারিগুলির পুজো এই রীতি মেনে হয়।

তবে ২০২৮ সালের দুর্গাপুজোর আনুষ্ঠানিক নির্ঘণ্ট এখনও প্রকাশ্যে আসেনি। সেই সূচি সামনে আসার পর রাজ্য সরকারের তরফে ছুটির ঘোষণা হলে সবটা পরিষ্কার হবে।