অঙ্গনওয়াড়ি কর্মীদের পরিবার পাবে ৫ লক্ষ টাকা! কর্মরত অবস্থায় মৃত্যুতে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের

Published on:

Published on:

Government of West Bengal announced financial aid for Anganwadi worker family
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) ও সহায়িকাদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government of West Bengal)। কোনও কর্মী বা সহায়িকার কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা পাবে। একটি নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের | (Government of West Bengal)

সম্প্রতি রাজ্যের নারী, শিশু কল্যাণ ও সমাজকল্যাণ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়, ৬৫ বছর বা তার কম বয়সী কোনও অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।

আরও পড়ুনঃ সম্পর্ক শেষ করার অধিকার কি পুরুষের নেই? এবার বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

রাজ্য জানিয়েছে, সরকার পরিচালিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের পাশাপাশি বেসরকারিভাবে স্বেচ্ছাসেবী সংস্থার অধীন আইসিডিএস প্রকল্পে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারাও এই সুবিধা পাওয়ার যোগ্য। অর্থাৎ রাজ্যের এই উদ্যোগের ফলে সরকারি ও বেসরকারি দু’ধরণের ব্যবস্থাপনায় কর্মরত কর্মীদের পরিবার উপকৃত হবে।

জানা গিয়েছে, কর্মরত অবস্থায় অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাদের আকস্মিক মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আগেই গ্রিন সিগন্যাল দিয়েছিল রাজ্য অর্থ দফতর। নারী, শিশু কল্যাণ ও সমাজকল্যাণ দফতর এর খরচ বহন করবে।

Government of West Bengal

নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম মানা হয়, এক্ষেত্রেও ওই একই নিয়ম মেনে টাকা দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যুর পর পরিবারের আর্থিক সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাঁধে একাধিক দায়িত্ব থাকে। এবার তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এর ফলে তাঁদের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।