পুরভোট নিয়ে জল্পনার মাঝেই মুখ খুললেন অগ্নিমিত্রা পাল, জানালেন সম্ভাব্য সময়

Published on:

Published on:

Minister Agnimitra Paul announces possible date for municipal elections

বাংলা হান্ট ডেস্ক : কলকাতার পুরসভা নির্বাচনের নির্দিষ্ট দিন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক ও রাজনৈতিক সূত্রের ইঙ্গিত, সবকিছু পরিকল্পনামাফিক চললে ২০ ডিসেম্বর নাগাদ ভোট হতে পারে। তার কয়েক দিনের মধ্যেই ফল প্রকাশ করে নতুন বছরের শুরুতে পুরসভার দায়িত্ব নতুন বোর্ডের হাতে তুলে দেওয়ার ভাবনাও রয়েছে বলে খবর।

পুরভোটের দিন নিয়ে কী বলছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা (Agnimitra Paul) ?

২৫ ডিসেম্বরের আগেই ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। সেই হিসাব অনুযায়ী, জানুয়ারি মাসে নতুন পুরবোর্ড গঠনের সম্ভাবনা। কালীপুজো শেষ হওয়ার পরই নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তার আগেই চলতি মাসের ১৫ বা ১৬ তারিখের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি বলে সূত্রের দাবি। ডিসেম্বরেই ভোট হওয়ার কথা শুনেছেন বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, এখনও তাঁর জানা অনুযায়ী ডিসেম্বরেই নির্বাচন হওয়ার কথা।

Minister Agnimitra Paul announces possible date for municipal elections

এই সম্ভাব্য সময়সূচি সামনে আসতেই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি ও পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। বিজেপির অবস্থান, যত দ্রুত নির্বাচন হবে, ততই তাদের পক্ষে ভাল। কিন্তু বিরোধী শিবিরের তরফে সেই তাড়াহুড়োকে কটাক্ষ করেছেন মদন মিত্র। বিজেপির দ্রুত ভোটের দাবিকে ঘিরে মদন মিত্রের মন্তব্যও রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। তিনি বলেন, “শুভস্র শীঘ্রম। এটা বিজেপির…বলছি। কারণ আপনি যদি ১০ দিন দেরি করেন, আপনার ১০টা সিট কমে যাবে।”

আরও পড়ুন : চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান, নভেম্বরের তিন পরীক্ষার সূচি প্রকাশ করল SSC

পুরসভার প্রশাসনিক দায়িত্বে কে থাকবেন, তা নিয়েও তৈরি হয়েছে নতুন জল্পনা। রাজ্যে সরকার বদলের পর জুন মাসেই মেয়র পদ ছেড়েছিলেন ফিরহাদ হাকিম। এরপর ৮ জুন কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে। নিয়ম মেনে ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ রয়েছে। কিন্তু সূত্রের খবর, নতুন নির্বাচিত বোর্ড দায়িত্ব না নেওয়া পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানো হতে পারে। জানুয়ারিতে নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত স্মিতা পাণ্ডেই প্রশাসনিক দায়িত্ব সামলাতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

এখন, পুরভোটের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্পষ্ট হবে, কোন সময়সূচি মেনে কলকাতার পুরভোটের লড়াইয়ে নামবে রাজনৈতিক দলগুলি।