লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! ৪৬ লক্ষ অ্যাকাউন্টে ঢুকছে ২ হাজার টাকা, কৃষক সম্মান নিধির সূচনা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari started CM Krishak Samman Nidhi for farmers

বাংলা হান্ট ডেস্কঃ কৃষকদের উন্নয়নে বদ্ধপরিকর রাজ্য সরকার। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির (CM Krishak Samman Nidhi) সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে রাজ্যের প্রায় ৪৬ লক্ষ ৪৬ হাজার কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে ঢুকবে। এর জন্য ৯৩০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি কারা পাবেন? | (CM Krishak Samman Nidhi)

এদিন মুখ্যমন্ত্রী বলেন, পিএম কিষাণ যোজনার মাধ্যমে বছরে তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা দেয় কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের উপভোক্তাদের মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির মাধ্যমে তিনটি কিস্তিতে ১ হাজার টাকা করে অতিরিক্ত ৩ হাজার টাকা দেবে রাজ্য। সংকল্পপত্রে দেওয়া সেই প্রতিশ্রুতি মতো রাজ্যের প্রায় ৪৬ লক্ষ ৪৬ হাজার পিএম কিষাণ উপভোক্তার অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। পিএম কিষাণের পরবর্তী কিস্তি প্রকাশ হলে বাকি ১ হাজার টাকাও দিয়ে দেওয়া হবে।

CM Krishak Samman Nidhi

এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও করেন শুভেন্দু। তিনি জানান, বন্যাবিধ্বস্ত মালদহের ভূতনির চরের ১০,৭৫০ জন কৃষকদের মুসুর ও সর্ষের বীজ দেওয়া হবে। পাশাপাশি ফসল বিমা যোজনার মাধ্যমে ৮৯,১৩৫ জন কৃষককে ৯ কোটি ১৪ লক্ষ টাকার ডালশস্য, তৈলবীজ ও গম বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ বেলেঘাটা থেকে হাওড়া স্টেশন অবধি নতুন বাস রুট! কুণালের প্রস্তাবে সায় দিলেন পরিবহণমন্ত্রী

এছাড়া মুখ্যমন্ত্রী জানান, বন্যায় যাদের সম্পূর্ণ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ১ লক্ষ ৮০ হাজার টাকা, আংশিক ক্ষতিগ্রস্তদের ৯০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। পাশাপাশি যাদের সামান্য ক্ষতি হয়েছে তাঁদের ৪ হাজার টাকা করে দেওয়া হবে।

এদিন আলুচাষিদের উদ্দেশে শুভেন্দু জানান, কৃষকরা এবার ভিনরাজ্যে আলু পাঠাতে পারবেন। ট্রেনে বা গাড়িতে কুইন্টাল পিছু আলু রপ্তানিতে ৫০ টাকা ভর্তুকি পাওয়া যাবে। এমনকি আলুকে পিএম ফসল বিমা যোজনার অধীন এনে বিমার অংশটিও মকুব করা হবে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যের কৃষকদের কল্যাণে দরাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ পুরশুড়ার সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। বিশেষত ভিনরাজ্যে আলু পাঠানোয় আর কোনও বাধা না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অগুনতি আলুচাষি।