বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমে ফের বাড়ল ডিএ। রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিয়ে একধাক্কায় মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত। দীপাবলির উপহার হিসেবেই ফের এক দফায় ৩% ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। ধনতেরাস উপলক্ষে মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির ঘোষণা হয়েছে।
ঘটনাস্থল হরিয়ানা। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছেন। সরকার তরফে জানানো হয়েছে বর্ধিত ডিএ ১ জুলাই থেকে কার্যকর হবে। এই বৃদ্ধির ফলে ডিএ এবং ডিআর-এর হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছে যাচ্ছে। এর সুবিধা পাবেন রাজ্যের প্রায় ২.৭৮ লক্ষ নিয়মিত রাজ্য সরকারি কর্মচারী এবং ২.৬ লক্ষ পেনশনভোগী।

জানানো হয়েছে, বোর্ড, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত সংস্থা এবং সরকারি খাতের উদ্যোগগুলির কর্মচারীরাও এই সংশোধিত সুবিধার আওতায় আসবেন। ৩% ডিএ বৃদ্ধির ফলে ২০২৬-২৭ অর্থ বছরে রাজ্য কোষাগারের অতিরিক্ত ৫৪৫ কোটি টাকা ব্যয় হবে বলে সরকার তরফে জানা গিয়েছে।
আরও পড়ুন: অভিষেককে কেন রক্ষাকবচ? হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার
এদিকে সম্প্রতি ডিএ বৃদ্ধি হয়েছে পাঞ্জাবেও। সে রাজ্যে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর এসেছে। সেখানেও ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত ভাতা নভেম্বর মাসের বেতনের সাথে যুক্ত হবে। এই ডিএ বৃদ্ধির ফলে সে রাজ্যের কোষাগারের উপর চলতি অর্থবর্ষের বাকি সময়ের জন্য প্রায় ৩৮০ কোটি টাকা এবং ২০২৭ সালের এপ্রিল থেকে প্রতি বছর প্রায় ১,০০০ কোটি টাকার আর্থিক চাপ পড়তে চলেছে। বলে জানা গিয়েছে।
পাঞ্জাব সরকার মোট ১১ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে ফেলেছে চলতি বছর। এর আগে ৪ শতাংশ করে দুটি কিস্তিতে বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, যার ফলে ডিএ-র হার ৪২ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশে পৌঁছে যায় এর আগে। এবার আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তা ৫৩ শতাংশে পৌঁছেছে।












