সরকারি প্রকল্পে গতি আনতে বড় সিদ্ধান্ত নবান্নের

Published on:

Published on:

West Bengal Government Raises Financial Powers of Departments

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করতে গিয়ে যাতে আর্থিক অনুমোদনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে না হয়, তার জন্য নিয়মে বদল আনল রাজ্য সরকার (WestBengalGovernment)। এবার থেকে একাধিক দপ্তর আগের তুলনায় অনেক বেশি টাকার প্রকল্পে নিজেরাই অনুমোদন দিতে পারবে। সম্প্রতি এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থদপ্তর। তাতে দপ্তর অনুযায়ী খরচের সর্বোচ্চ সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

West Bengal Government : এক নজরে কোন দপ্তরের কতটা ক্ষমতা বাড়ল?

নতুন নিয়মে সবচেয়ে বেশি আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে ৬টি দপ্তরকে। পূর্ত, সেচ ও জলপথ, জনস্বাস্থ্য কারিগরি, পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবার থেকে ৬ কোটি টাকা পর্যন্ত প্রকল্পের প্রশাসনিক অনুমোদন ও আর্থিক মঞ্জুরি দিতে পারবে। আগে এই সীমা ছিল ৩ কোটি টাকা।

Nabanna Issues New Rules for Government Documents

অন্যদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন, পুর ও নগরোন্নয়ন সংক্রান্ত অন্য দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তরের ক্ষেত্রেও অনুমোদনের অঙ্ক বাড়ানো হয়েছে। এই দপ্তরগুলি আগে ১ কোটি টাকা পর্যন্ত প্রকল্পে অনুমোদন দিতে পারত। নতুন নিয়মে সেই সীমা বেড়ে ৩ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুনঃ পুরভোটের আগেই বড় ঘোষণা শুভেন্দুর, ২০৯টি ওয়ার্ড নিয়ে কী সিদ্ধান্ত?

বাকি দপ্তরগুলির ক্ষেত্রেও আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে আর্থিক ক্ষমতা। আগে সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত অনুমোদন দেওয়া যেত। এখন থেকে সেই দপ্তরগুলি ১ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পে অনুমোদন দিতে পারবে।

বাড়তি ক্ষমতা পেলেও মানতে হবে শর্ত

তবে নতুন নিয়মে আর্থিক ক্ষমতা বাড়ানো হলেও কিছু বিষয় মাথায় রাখতে হবে দপ্তরগুলিকে। কোনও প্রকল্পে অনুমোদন দেওয়ার আগে সংশ্লিষ্ট দপ্তরের বাজেটে পর্যাপ্ত টাকা রয়েছে কি না, চলতি প্রকল্পগুলির জন্য কতটা আর্থিক দায় রয়েছে এবং দপ্তরের আর্থিক উপদেষ্টার সম্মতি মিলেছে কি না, তা দেখতে হবে। এই নিয়ম শুধু নতুন প্রকল্পের জন্য নয়। পুরনো কোনও প্রকল্পের প্রশাসনিক অনুমোদন সংশোধন করতে হলেও একই নিয়ম কার্যকর থাকবে।

আসলে কোনও প্রকল্পের জন্য বারবার অর্থদপ্তরের ছাড়পত্র নিতে হলে অনেক সময় কাজ শুরু করতে দেরি হয়। সেই সমস্যা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সরকারের (West Bengal Government) আশা, নতুন নিয়মে দপ্তরগুলিকে আর প্রতিটি ক্ষেত্রে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। ফলে সরকারি প্রকল্পের অনুমোদন এবং কাজ বাস্তবায়নের প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত হবে। নির্দেশিকাটি ইতিমধ্যেই কার্যকর করার কথা জানানো হয়েছে।