বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারত মহাসাগরে (Indian Ocean) কৌশলগত উপস্থিতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ভারত (India) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দিল্লিতে (Delhi) সম্পন্ন হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন তথা (IORA)-র মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত সামুদ্রিক বিজ্ঞান থেকে শুরু করে মেরিটাইম ল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তার দক্ষতা ভাগ করে নেওয়ার একটি উদ্যোগ ঘোষণা করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই উদ্যোগের অংশ হিসাবে দু’টি নতুন সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে। এছাড়াও, ভারত IORA-এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করার জন্য ৫ লক্ষ মার্কিন ডলারের আর্থিক সহায়তা ঘোষণা করেছে।
ভারত মহাসাগরে (Indian Ocean) বাড়বে ভারতের আধিপত্য!
জানিয়ে রাখি যে, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সভাপতিত্বে সম্পন্ন হওয়া এই বৈঠকে ২৩ টি সদস্য দেশ এবং ১২ টি ডায়লগ পার্টনার্স অংশগ্রহণ করে। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল গোয়া ও গুজরাটে দু’টি বিশেষ কেন্দ্র স্থাপনের অনুমোদন। IORA ডিজিটাল ইনোভেশন হাবটি গোয়ার CSIR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফিতে অবস্থিত হবে। যা সামুদ্রিক বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করবে। গুজরাটের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে মেরিটাইম ল’-র সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে। যার লক্ষ্য হল সামুদ্রিক আইনের ক্ষেত্রে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

সামুদ্রিক নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়: উল্লেখ্য যে, ওই বৈঠকে ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে তথ্য আদান-প্রদান এবং অভিযানগত সমন্বয়কেও অগ্রাধিকার দেওয়া হয়। গুরুগ্রামে স্থির ইনফরমেশন ফিউশন সেন্টার-ইন্ডিয়ান ওশান রিজিয়নে সদস্য রাষ্ট্রগুলিকে নিয়ে একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। যেখানে সামুদ্রিক কার্যকলাপ পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা এবং তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: এবার শেয়ার বাজারে এন্ট্রি নেবে আদানি এয়ারপোর্টস! কবে আসবে IPO?
এদিকে, ওই বৈঠকে ২০২৮ থেকে ২০৩২ সময়কালের জন্য IORA-এর নতুন অ্যাকশন প্ল্যান নিয়েও আলোচনা হয়। সদস্য দেশগুলি আঞ্চলিক ও গ্লোবাল ঘটনাবলির পাশাপাশি ভারত মহাসাগর সম্পর্কিত অভিন্ন স্বার্থ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করে। বৈঠকের শেষে, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রতি যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ‘দিল্লি কমিউনিকে ২০২৬’ অনুমোদন করা হয়।
আরও পড়ুন: লাফিয়ে কমেছে দাম! ভারতের কোন রাজ্যে সবথেকে সস্তায় মিলছে সোনা?
অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর জোর: জানিয়ে রাখি যে, দিল্লিতে সম্পন্ন হওয়া ২৫ তম IORA কাউন্সিল অফ মিনিস্টার্স বৈঠকে ২৩ টি সদস্য রাষ্ট্র ভারত মহাসাগরকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর পাশাপাশি সার্বভৌম সমতা, ভূখণ্ডগত অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা ও অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপরেও যথেষ্ট জোর দেওয়া হয়েছে।












