স্ট্যালিনের দলের শর্তে সিলমোহর! প্রতিটি রাজ্যেই বাড়বে লোকসভার ৫০ শতাংশ আসন, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Published on:

Published on:

Central govt of India has taken a big step to get the Delimitation Bill 2026 passed in the Lok Sabha.

বাংলা হান্ট ডেস্ক: লোকসভায় (Lok Sabha) আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল (Delimitation Bill 2026) পাশ করাতে এবার বড় পদক্ষেপ করল নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। দেশের প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে শুক্রবার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুধু তাই নয়, আগামী ২৫ বছর অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত অপরিবর্তিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত অনুপাতই বজায় থাকবে বলে জানা গিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে ডিলিমিটেশন বিল পাশের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

লোকসভায় ডিলিমিটেশন বিল (Delimitation Bill 2026) পাশ করাতে এবার বড় পদক্ষেপ কেন্দ্রের

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগেই ডিএমকে জানিয়েছিল, তাদের শর্ত মানা হলে ডিলিমিটেশন বিল (Delimitation Bill 2026) নিয়ে কেন্দ্রের প্রস্তাব বিবেচনা করতে পারে তারা। দলের প্রধান এম কে স্ট্যালিনের দাবি ছিল, আসন পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব যেন কোনওভাবেই কমে না যায়। শেষ পর্যন্ত সেই উদ্বেগের কথা মাথায় রেখেই কেন্দ্র ১৯৭১ সালের জনগণনার অনুপাত আগামী ২৫ বছর বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে ডিএমকের ২২ জন সাংসদের সমর্থন পাওয়ার পথও কিছুটা সহজ হতে পারে।

আরও পড়ুন: অটোচালকদের ইচ্ছেমতো ভাড়া নেওয়ায় এবার লাগাম! নতুন বছরে কড়া নিয়ম, হুঁশিয়ারি পরিবহন মন্ত্রীর

আসলে ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আপত্তির মূল কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণে তাদের সাফল্য। দক্ষিণের রাজ্যগুলির যুক্তি, দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য পাওয়ার পরও যদি নতুন জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হয়, তাহলে উত্তর ভারতের তুলনায় তাদের সংসদীয় প্রতিনিধিত্ব কমে যেতে পারে। কেন্দ্রের নতুন প্রস্তাবে আপাতত সেই আশঙ্কা অনেকটাই দূর করার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে বিশেষ অধিবেশন ডেকে এই বিল পাশ করানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেই চেষ্টা সফল হয়নি। দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক দল, যার মধ্যে ডিএমকেও ছিল, বিলটির বিরোধিতা করেছিল। এবার অবশ্য পরিস্থিতি বদলাতে পারে। কেন্দ্রের আশা, ডিএমকে এবং শরদ পওয়ারের এনসিপির সমর্থন পেলে সংসদে প্রয়োজনীয় সংখ্যার অনেকটাই কাছাকাছি পৌঁছনো সম্ভব হবে।

Central govt of India has taken a big step to get the Delimitation Bill 2026 passed in the Lok Sabha.

আরও পড়ুন: ৪ বারের ব্যর্থতা সামলে বজায় ছিল জেদ, পঞ্চম চেষ্টায় UPSC-তে ১৩ তম স্থান! IAS হয়ে স্বপ্নপূরণ মেধার

এদিকে বাদল অধিবেশনের বর্ধিত পর্ব শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় বসবে অধিবেশন। সূত্রের খবর, এই পর্বেই ডিলিমিটেশন বিল (Delimitation Bill 2026) পাশ করানোর চেষ্টা করতে পারে মোদি সরকার। বর্তমানে লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য ৩৬০টি ভোট প্রয়োজন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। রাজ্যসভাতেও প্রয়োজন ১৬৩টি ভোট। ফলে কেন্দ্রের নতুন সিদ্ধান্তের পর সংসদে রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রয়েছে।