ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতি বাতিল! স্পিকারকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court ordered spekar to select opposition leader in wb assembly

বাংলা হান্ট ডেস্ক : বিধানসভায় বিরোধী দলনেতার পদ নিয়ে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, শুক্রবার তা আর বহাল রাখল না কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চের নির্দেশ, আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে গোটা বিষয়টি পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত জানাতে হবে। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি আপাতত বড় ধাক্কার মুখে পড়ল।

বিরোধী দলনেতা নিয়ে বড় রায় হাইকোর্টের(Calcutta High Court)

ঘটনার সূত্রপাত বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা বাছাইকে কেন্দ্র করে। নির্বাচনে তৃণমূল ৮০টি আসনে জয়ী হওয়ায় বিধানসভায় প্রধান বিরোধী দলের জায়গা পায় তারা। দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে ৯ মে স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু অভিযোগ, ওই চিঠির ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপ করেননি।

Calcutta High Court ordered spekar to select opposition leader in wb assembly

এরপর পরিস্থিতি আরও জটিল হয়। তৃণমূলের পাঠানো চিঠিতে বিধায়কদের সই জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার পরেই ৩ জুন দলের বিক্ষুব্ধ বিধায়কদের একাংশ স্পিকারকে নতুন একটি চিঠি দেন। সেখানে ঋতব্রতকে বিরোধী দলনেতা করার প্রস্তাব জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই স্পিকার তাঁকে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : শুধু অস্ত্র কেনাবেচা নয়, এবার যৌথ উৎপাদন! সামরিক সরঞ্জাম তৈরিতে UAE-র সঙ্গে হাত মেলাচ্ছে ভারত

মামলার শুনানিতে ১৬ নভেম্বর বিচারপতি কৃষ্ণ রাও স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে একাধিক সংশয় প্রকাশ করেছিলেন। সেই শুনানিতে বিচারপতি জানতে চেয়েছিলেন, ৭৮ জন বিধায়কের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে ৫৪ বা ৫৬ জনের দাবি কেন বিবেচনা করা হল? বিরোধী পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না কি? একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও সংবিধানকে উপেক্ষা করে কি স্পিকার নিজের মতো সিদ্ধান্ত নিতে পারেন? যদিও সেদিনের বক্তব্যগুলি ছিল আদালতের পর্যবেক্ষণ, চূড়ান্ত রায় নয়। তবে মামলার গতিপ্রকৃতি বুঝতে সেই মন্তব্যগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

স্পিকারের হয়ে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরার চেষ্টা করেন। রাজ্যের বক্তব্য ছিল, ১৫ মে রথীন্দ্র বসু স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে ওই পদে কেউ না থাকায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। স্পিকারকে পাশ কাটিয়ে এই ধরনের নিয়োগ করা যায় না বলেও আদালতে জানানো হয়। রাজ্যের তরফে আরও বলা হয়েছিল, ১৯ থেকে ২৪ মে স্পিকার কলকাতার বাইরে ছিলেন। ১৯ মে তৃণমূলের পক্ষ থেকে ৬ মে তারিখে স্বাক্ষরিত একটি রেজ়োলিউশন পাঠানো হয় তাঁর কাছে। পরে বিরোধী পক্ষের অভিযোগও তাঁর হাতে পৌঁছয়। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে এফআইআর দায়ের করা হয়। তবে রাজ্যের এই ব্যাখ্যা বিচারপতি রাওকে সন্তুষ্ট করতে পারেনি।

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে আদালতের পর্যবেক্ষণ অবশ্য নতুন নয়। গত ১৮ অগস্ট এই মামলায় রায় দিয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সেখানে বলা হয়েছিল, স্পিকার রাজনৈতিক দলের সদস্য হলেও বিধানসভার দায়িত্ব পালনের সময় তাঁকে দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। তাঁর সিদ্ধান্তে রাজনৈতিক পরিচয়ের প্রভাব থাকা উচিত নয়।ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছিল, বিরোধী দলনেতা কিংবা মুখ্য সচেতক নিয়োগের ক্ষেত্রে শুধু কোন পক্ষের বিধায়ক সংখ্যা বেশি, সেই হিসাব দেখলেই চলবে না। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্তও বিবেচনায় রাখা জরুরি। শুক্রবারের নির্দেশে স্পিকারের আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন প্রক্রিয়া কার্যত নতুন করে শুরু করতে হবে। আদালত নির্ধারিত ১০ দিনের সময়সীমার মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন, এখন সেটাই দেখার।