বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্দেশে নানা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার তাঁকে পাল্টা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ওপেন চ্যালেঞ্জ করেছেন তিনি।
মমতাকে ওপেন চ্যালেঞ্জ করলেন অগ্নিমিত্রা | (Agnimitra Paul)
রবিবার মমতা তৃণমূলের সাংসদকে ‘প্যারাশুট পলিটিশিয়ান’ বলে খোঁচা দেন পুরমন্ত্রী। পাশাপাশি বলেন, ডায়মন্ড হারবারের সাংসদ যে ডায়লগগুলো দেন, সেগুলি সিনেমাতেই শুনতে ভালোলাগে। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও কড়া চ্যালেঞ্জ করেন তিনি।

অগ্নিমিত্রার কথায়, “আমাদের মুখ্যমন্ত্রী আপনার মতো রাজনীতিতে প্যারাশুটে নামেননি। উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দু’বার হারিয়েছেন। সুতরাং অভিষেকবাবু যেসব ডায়লগ দেন, সেসব সিনেমাতেই শুনতে ভালোলাগে। ওপেন চ্যালেঞ্জ করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলুন এই চ্যালেঞ্জ না করে আপনাদের পিছনে বাংলার কত মানুষ আছে সেটা পুরভোটে একটা কাউন্সিলরের টিকিটে জিতে দেখাতে।“
আরও পড়ুনঃ ‘হোমস্টে’ শব্দ ব্যবহারে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন! হোমস্টে পোর্টাল চালু করল রাজ্য সরকার
এরপর সরাসরি মমতার উদ্দেশে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের যে কোনও জায়গা থেকে কাউন্সিলরের টিকিটে জিতে দেখান। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতাকে পুরভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এবার পুরমন্ত্রীর গলাতেও শোনা গেল একই সুর।
এদিন অগ্নিমিত্রা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ওপেন চ্যালেঞ্জ করছি। মমতাদি আপনি রাজ্যের যে কোনও জায়গায় কাউন্সিলরের টিকিট নিয়ে জয়ী হয়ে দেখান। এরপর নিজের ভাইপোকে বলবেন রাস্তায় দাঁড়িয়ে সিনেমার মতো এসব ডায়লগ দিতে।“
বিগত কয়েকদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে বেশ কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা গিয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবার দীপাবলির দিন তাঁকে পাল্টা নিশানা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।












