বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে গোবরডাঙার প্রাচীন হাসপাতাল। এবার তা পুনরায় চালু করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, আগামী মার্চ মাসের মধ্যে ৩০ বেডের এই হাসপাতালকে ১০০ বেডের পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করা হবে। পাশাপাশি সেখানে সাধারণ মানুষের জন্য নূন্যতম চিকিৎসা পরিষেবা চালুর আশ্বাসও দেন তিনি।
বন্ধ হাসপাতাল ফের চালুর আশ্বাস মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
সম্প্রতি গাইঘাটায় একটি কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা গোবরডাঙার হাসপাতাল পুনরায় চালুর আশ্বাস দেন তিনি। সেখানে শিশুদের চিকিৎসার জন্য SNCU পরিষেবা ও প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খোলা হবেও আশ্বাস দিয়েছেন।

শুভেন্দুর এই ঘোষণার পর বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, এর থেকে মানবিক মুখ্যমন্ত্রী আর হয় না। তাঁর দাবি, গোবরডাঙা হাসপাতালকে ১০০ বেডের হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা করা হয়েছে। সেখানে স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয় পরিকাঠামো ও চিকিৎসার ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। পাশাপাশি আগের রাজ্য সরকারের আমলে এই হাসপাতালের প্রতি কোনও নজর দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা জমিয়ে রোগীর পরিজনদের খাবার! বাস্তবের ‘অন্নপূর্ণা’ অনিমা
এদিকে স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার হাসপাতালটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তা বাস্তবায়িত হয়নি। তবে এবার মুখ্যমন্ত্রী নিজে আশ্বাস দেওয়ায় আশার আলো দেখছেন গোবরডাঙা ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।
গোবরডাঙার প্রাচীন স্বাস্থ্যকেন্দ্রগুলির মধ্যে অন্যতম এই হাসপাতাল। এটি একসময় গোবরডাঙার পাশাপাশি সুটিয়া, মেদিয়া, মছলন্দপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষের অন্যতম ভরসা ছিল। চিকিৎসার জন্য এখানে ছুটে আসতেন অনেকে।
তবে দীর্ঘদিন ধরে গোবরডাঙার এই হাসপাতাল বন্ধ। ফলে স্থানীয়দের বাধ্য হয়ে চিকিৎসার জন্য চাঁদপাড়া, হাবরা হাসপাতালের মতো দূরের স্বাস্থ্যকেন্দ্রে যেতে হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করে নূন্যতম চিকিৎসা পরিষেবা চালুর আশ্বাস দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে।












