রাজ্যে ফের এনকাউন্টার! রায়গঞ্জে পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত

Published on:

Published on:

Raiganj encounter rape murder case accused died

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার রায়গঞ্জের কুলিক ফরেস্ট থেকে এক নাবালিকার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরিবারের অভিযোগ ছিল, ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন (Raiganj Rape Murder Case) করা হয়েছে। এবার সেই ঘটনাতেই মূল অভিযুক্ত দিলীপ রায়ের এনকাউন্টার (Raiganj Encounter) করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে।

রায়গঞ্জে ধর্ষণ-খুনে অভিযুক্তের এনকাউন্টার | (Raiganj Encounter)

গত মঙ্গলবার থেকে রায়গঞ্জের ১২ বছরের এক নাবালিকা নিখোঁজ ছিল। প্রায় তিনদিন নিখোঁজ থাকার পর কুলিক ফরেস্ট থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। ধর্ষণ-খুনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এরপর থেকেই মূল অভিযুক্তের খোঁজ চলছিল।

Raiganj encounter

সূত্রের খবর, নাবালিকার দেহ উদ্ধারের পর থেকে তল্লাশি পর রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত দিলীপকে ধরতে যায় পুলিশ। তবে তদন্তকারীদের দেখামাত্রই তিনি বিহারের সীমানা দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশকে দেখে গুলি চালানোরও অভিযোগ উঠেছে। পাল্টা তদন্তকারীরা গুলি চালালে তাঁর মৃত্যু হয় বলে খবর।

আরও পড়ুনঃ ভাইফোঁটার আগেই বৃষ্টির চোখরাঙানি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় কড়া সতর্কতা

রায়গঞ্জ এনকাউন্টারে মৃত দিলীপের দেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই তাঁর ময়নাতদন্ত হবে।

এদিকে রাজ্যে পালাবদলের পর এটি চতুর্থ এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ। গত জুলাই মাসে বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ধৃত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল। দাবি, ঘটনা পুনর্নিমাণের জন্য তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তিনি গুলি চালান। পাল্টা পুলিশ গুলি চালালে তাঁর মৃত্যু হয়।

এরপর গাইঘাটায় ধর্ষণ খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়। এক্ষেত্রেও দাবি, ঘটনার পুনর্নিমাণে গিয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। তাতেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনে ধৃত সামাউল হকের এনকাউন্টারে হয়েছিল।

এবার সেই তালিকায় জুড়ল রায়গঞ্জের ঘটনা। এক্ষেত্রেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশকে দেখে গুলি চালানোর অভিযোগ উঠেছে। পাল্টা আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে তাঁর মৃত্যু হয়।