‘জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে পুলিশ’, স্বামীর হয়ে হাই কোর্টে সুমিতের স্ত্রী!

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে বিতর্ক এবার পৌঁছল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। তাঁর স্ত্রী সুস্মিতা রায়ের দাবি, পুলিশ তাঁর স্বামীকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। এমনকী, হেফাজতে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার পাশাপাশি জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার পিছনে আসল সত্য সামনে আনতে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন সুস্মিতা।

টাকা উদ্ধারের ঘটনায় সুমিতকে জড়ানোর অভিযোগ হাই কোর্টে (Calcutta High Court)

গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। এই টাকা কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদারের বক্তব্য, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই ওই টাকার খোঁজ পাওয়া গিয়েছে।

Calcutta High Court's justice questions fundamental rights regarding durga puja

কিন্তু পুলিশের এই দাবি মানতে নারাজ সুস্মিতা। তাঁর বক্তব্য, উদ্ধার হওয়া টাকার সঙ্গে সুমিতের কোনও যোগ নেই। অথচ তাঁকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। স্বামীকে ফাঁসাতেই গোটা ঘটনা সাজানো হয়েছে বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুনঃ বছরে ৩% নয়, ৬% ইনক্রিমেন্ট! অষ্টম বেতন কমিশনের কাছে একগুচ্ছ দাবি পেশ

অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের আবেদন

শুধু টাকা উদ্ধারের ঘটনা নয়, পুলিশি হেফাজতে সুমিতের সঙ্গে কী আচরণ করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর স্ত্রী। সুস্মিতার অভিযোগ, সুমিতের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয়েছে। তাঁকে দিয়ে জোর করে স্বীকারোক্তি দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রও চলছে বলে দাবি তাঁর।

এই পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্তের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন সুস্মিতা। অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক, অথবা সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হোক বলে আর্জি জানিয়েছেন তিনি। এর আগে আদালত তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা।

এদিকে, এই ঘটনা নিয়ে আগেই সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশ পরিকল্পনা করে টাকা উদ্ধারের ঘটনাটি সাজিয়েছে। এমনকী, তাঁর আপ্তসহায়ককে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এবার সুমিতের স্ত্রীও পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ায় ঘটনাটি নতুন মোড় নিল।