বিএড কলেজে ভর্তি নিয়ে বড় মোড়! রাজ্যের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা

Published on:

Published on:

Calcutta High Court files case seeking stay on state order for B.Ed college admission

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের বিএড কলেজগুলির ভবিষ্যৎ নিয়ে এ বার আইনি জটিলতা তৈরি হল। প্রায় ২০৫টি বেসরকারি বিএড কলেজে নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির জন্য বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির একাংশ। রাজ্য সরকারের এই পদক্ষেপে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছেন কলেজ কর্তৃপক্ষ। তাঁদের আবেদন, ভর্তি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অন্তত নির্দেশিকার উপর স্থগিতাদেশ দেওয়া হোক।

২০৫ টি বিএড কলেজে ভর্তি বন্ধের নির্দেশ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা

আদালতে দায়ের করা আবেদনে কলেজগুলির তরফে জানানো হয়েছে, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে প্রয়োজনীয় অনুমতি নিয়েই তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলছে। এনসিটিই-র নিয়ম অনুসরণের পাশাপাশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি এবং রাজ্য সরকারের নো অবজেকশন সার্টিফিকেটও রয়েছে। তা সত্ত্বেও প্রশাসনিক পরিবর্তনের পর থেকে পরিদর্শনের নামে কলেজগুলিকে অযথা চাপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Calcutta High Court files case seeking stay on state order for  B.Ed college admission

কর্তৃপক্ষের দাবি, পরিদর্শকদের রিপোর্টে এমন কিছু ত্রুটি তুলে ধরা হয়েছে, যেগুলিকে ভর্তি বন্ধের মতো কঠোর সিদ্ধান্তের কারণ হিসেবে দেখানো যায় না। কোথাও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা না থাকা, কোথাও আবার শৌচাগারের পরিচ্ছন্নতা নিয়ে আপত্তি জানিয়ে কলেজগুলিকে জবাবদিহি করতে বলা হয়েছিল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি নিজেদের অবস্থান জানিয়ে নোটিসের উত্তর জমা দিলেও সেই বক্তব্যের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন : মঙ্গলবার একাধিক ট্রেন বাতিল, কমল বেশ কয়েকটির যাত্রাপথ

এর পরেই ২০৫টি কলেজের অনুমোদন পুনর্নবীকরণের প্রক্রিয়া আটকে যায়। একই সঙ্গে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে নতুন করে পড়ুয়া নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই সিদ্ধান্তের বৈধতা নিয়েই এখন আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, প্রচলিত আইনি নিয়মাবলিতে ‘এক্সপেক্টেড ক্রাইটেরিয়া’ নামে কোনও স্বীকৃত মাপকাঠির উল্লেখ নেই। তাই ওই ধরনের অস্পষ্ট কারণ দেখিয়ে কলেজগুলির অনুমোদন পুনর্নবীকরণ আটকে দেওয়া কিংবা ভর্তি প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্তকে আইনসম্মত বলে মানতে নারাজ মামলাকারীরা।

কলেজগুলির শিক্ষার মান ও পরিকাঠামো যাচাইয়ের প্রক্রিয়ার জন্যই রাজ্য এমন সিদ্ধান্ত নিয়েছে। বিএডের পাশাপাশি কয়েকটি ফার্মাসি, পলিটেকনিক এবং আইটিআই প্রতিষ্ঠানকেও চলতি শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তির অনুমতি দেওয়া হয়নি। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় একটি ভিডিও বার্তায় স্পষ্ট করেছিলেন, পরিদর্শনে উত্তীর্ণ হতে না পারা কলেজগুলির ক্ষেত্রে আপাতত ভর্তি বন্ধ রাখা হচ্ছে। তবে সেগুলির স্থায়ী অনুমোদন বাতিল করা হয়নি।

আরও পড়ুন : ১৩ বছর পুরোনো মামলায় মমতাকে নোটিশ দিল্লি পুলিশের

মন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি বিএড কলেজগুলির পরিস্থিতি যাচাই করতে মোট তিন পর্যায়ে পরিদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রাথমিক যাচাইয়ের পরে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ১৫৬টি কলেজকে ভর্তির অনুমতি দেওয়া হয়। কিন্তু ৪৫১টি প্রতিষ্ঠানের পরিকাঠামো ও অন্যান্য ব্যবস্থা নির্ধারিত মানের তুলনায় পিছিয়ে রয়েছে বলে পরিদর্শনে উঠে আসে। তাদের ২১ দিনের সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। পাশাপাশি প্রয়োজনীয় ঘাটতি মেটানোর নির্দেশও দেওয়া হয়েছিল।

পরবর্তী পর্যায়ে দেখা যায়, ওই ৪৫১টি কলেজের মধ্যে ৯টি আর নতুন করে পরিদর্শনের জন্য আবেদন করেনি। ফলে অবশিষ্ট ৪৪২টি প্রতিষ্ঠানের নথি ও জবাবের ভিত্তিতে দ্বিতীয় দফায় সরেজমিনে যাচাই চালানো হয়। দ্বিতীয় দফার রিপোর্টে ২৩৭টি কলেজকে প্রয়োজনীয় শর্ত পূরণকারী হিসেবে চিহ্নিত করা হয়। গত ৪ নভেম্বর ওই প্রতিষ্ঠানগুলিকে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ভর্তির অনুমোদন দেওয়া হয়। কিন্তু ২০৫টি কলেজের ক্ষেত্রে সেই ছাড়পত্র মেলেনি। আর এই সিদ্ধান্ত নিয়েই এখন সরকার ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে সংঘাত আদালত পর্যন্ত পৌঁছেছে।