বাংলাহান্ট ডেস্ক: উৎসবের আবহে একের পর এক রাজ্য ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের উপহার দিচ্ছে। সেই পথে হেঁটে লাদাখ প্রশাসন ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন গ্রহণকারী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৭% বৃদ্ধির (DA Hike) সিদ্ধান্ত নিয়েছে।
DA বৃদ্ধির সিদ্ধান্ত প্রশাসনের | Dearness Allowance
মূল বেতনের ২৬২ শতাংশ থেকে বাড়িয়ে ২৬৯ শতাংশ করেছে লাদাখ প্রশাসন। ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে এই নয়া ডিএ বৃদ্ধি। অর্থ মন্ত্রণালয়ের ব্যয় অধিদপ্তরের ২৯ অক্টোবর, ২০২৬ তারিখের দপ্তর স্মারকলিপি অনুসরণে, অর্থ বিভাগ ২০২৬ সালের ৬৭৭-এফ নং আদেশের মাধ্যমে এই আদেশটি জারি করেছে বলে জানা গিয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ষষ্ঠ পে কমিশনের পূর্ব-সংশোধিত বেতন স্কেল এবং গ্রেড পে কাঠামো অনুসারে বেতনভুক কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতনের ২৬২ শতাংশ হারের পরিবর্তে ২৬৯ শতাংশ সংশোধিত ডিএ হার কার্যকর হবে।
আরও পড়ুন: OBC শংসাপত্র বাতিল হলেও আটকাবে না ইন্টারভিউ! প্রাথমিক নিয়োগে বড় স্বস্তি দিল হাই কোর্ট
নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, ডিএ প্রদানের ক্ষেত্রে ৫০ পয়সা বা তার বেশি অঙ্কের যেকোনো ভগ্নাংশকে পরবর্তী উচ্চতর পূর্ণসংখ্যায় রূপান্তর করা হবে। একইভাবে ৫০ পয়সার কম অঙ্কের ভগ্নাংশ উপেক্ষা করা হবে। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরাও।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলায় একধাক্কায় ২০% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতায় বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পৌঁছেছে ৩৮ শতাংশে। যদিও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি তুলছেন। কারণ সম্প্রতি কেন্দ্র ফের ডিএ বৃদ্ধি করায়, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সঙ্গে ব্যবধান বেড়েছে।
বর্তমানে, সপ্তম পে কমিশনের আওতায় ৬৩% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আর রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ। সবমিলিয়ে ফারাক ২৫ শতাংশ। এই ব্যবধান দ্রুত কমানোর দাবি তুলে সরব হচ্ছেন সরকারি কর্মচারীরা।












