বাংলা হান্ট ডেস্ক: সন্ত্রাসদমন অভিযানে ঝুঁকি কমাতে এবং শত্রুপক্ষের মোকাবিলায় আরও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনী সিআরপিএফ (CRPF)। এ বার বিস্ফোরকবাহী আত্মঘাতী বা ‘কামিকাজ়ে’ ড্রোন (Kamikaze Drones) কেনার উদ্যোগ নিয়েছে তারা। ইতিমধ্যেই এই ড্রোন কেনার জন্য প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি প্রতিবেদনে এই খবর সামনে আসে। ঘটনাচক্রে, কাশ্মীরের (Kashmir) কুলগামে সিআরপিএফের একটি চৌকিতে জঙ্গি হামলার কয়েক ঘণ্টা আগেই এই খবর প্রকাশ্যে আসে।
কামিকাজ়ে’ ড্রোন (Kamikaze Drones) কেনার উদ্যোগ নিয়েছে CRPF বাহিনী
প্রকাশিত তথ্য অনুযায়ী, সিআরপিএফের প্রস্তাবিত ড্রোনগুলির গতি ঘণ্টায় অন্তত ১৫০ কিলোমিটার হতে হবে। রাতের অন্ধকারেও যাতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়, তার জন্য বিশেষ প্রযুক্তি থাকার শর্ত রাখা হয়েছে। পাশাপাশি শত্রুপক্ষের জ্যামার বা যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রযুক্তিকে এড়িয়ে ড্রোন পরিচালনার উপরেও জোর দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কেবল এবং রেডিয়ো ফ্রিকোয়েন্সিভিত্তিক ফার্স্ট-পার্সন ভিউ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে (Kamikaze Drones)।
আরও পড়ুন: ট্রেন আসতে অনেক দেরি, ওয়েটিং রুম নাকি রিটায়ারিং রুম কোথায় যাবেন? পার্থক্যই বা কী?
বিগত কয়েক বছরে ছত্তীসগঢ়, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযানে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করেছে সিআরপিএফ। বাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট কোবরাও এই প্রযুক্তির সাহায্য নিয়েছে। সম্প্রতি কোবরা বাহিনীকে কাশ্মীরে সন্ত্রাসদমন অভিযানে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিশেষজ্ঞদের একাংশের মতে, সেই প্রেক্ষাপটেই আরও উন্নত ড্রোন সংগ্রহের পরিকল্পনা করছে সিআরপিএফ। এর ফলে দুর্গম এলাকায় অভিযান চালানোর ক্ষেত্রে বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়তে পারে।
এদিকে, দেশীয় প্রযুক্তিতে কামিকাজ়ে ড্রোন তৈরির ক্ষেত্রেও এগিয়েছে ভারত। দিল্লির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থা এসএমপিপি ভারতীয় সেনাকে ‘অগ্নিবেগ’ নামে একটি আত্মঘাতী ড্রোন সরবরাহ শুরু করেছে। জেট ইঞ্জিনচালিত এই ড্রোনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার এবং পাল্লা প্রায় ১৮০ কিলোমিটার বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এখনই আনতে হবে পরিবর্তন! বিশ্বকাপের আগে শুভমান গিলকে কড়া বার্তা দিলেন এই তারকা
গত বছর অপারেশন সিঁদুরের পর রাজস্থানের পোখরানে পরীক্ষার ভিত্তিতে ভারতীয় সেনা এই ড্রোনটি বেছে নিয়েছিল। পরে বেলারুশের ড্রোন (Kamikaze Drones) নির্মাতা সংস্থা কেবি ইন্ডেলার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে প্রথম দফায় ১০৬টি ড্রোন তৈরি করে এসএমপিপি। সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে, সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে সন্ত্রাসদমন অভিযান—বিভিন্ন ক্ষেত্রে ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।












