বাংলা হান্ট ডেস্ক : রান্নার জ্বালানির বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির ধাক্কা। মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) সংশোধন করল তেল সংস্থাগুলি। বিশেষ করে কলকাতায় এই দফায় মূল্যবৃদ্ধির পরিমাণ দেশের অন্যান্য বড় শহরের তুলনায় বেশি। ২০২৬ সালের প্রথম দশ মাসের দামের হিসাব বলছে, জুলাই ও আগস্ট ছিল কিছুটা ব্যতিক্রমী। ওই দু’মাসে সিলিন্ডারের দর কমলেও পরবর্তী সময়ে ফের ঊর্ধ্বমুখী হয়েছে দাম।
কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) কত?
আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিস্থিতিও এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উঠে আসছে। পশ্চিম এশিয়ায় সংঘাত ও অনিশ্চয় তার কারণে অপরিশোধিত তেলের বাজারে চাপ তৈরি হওয়ায় তার প্রভাব পড়ছে দেশীয় জ্বালানির দরের উপরও। নভেম্বরের প্রথম দিন থেকেই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহকদের। কলকাতার ক্ষেত্রে অক্টোবরের তুলনায় নতুন দাম বেড়েছে ১৭ টাকা। আগে যেখানে একটি বাণিজ্যিক সিলিন্ডারের জন্য খরচ করতে হত ২,৯৫৪ টাকা, এখন সেই অঙ্ক পৌঁছেছে ২,৯৭১ টাকায়। অর্থাৎ দেশের বড় শহরগুলির মধ্যে এই শহরেই সর্বাধিক দাম বেড়েছে।

দিল্লির বাজারেও একই ছবি। সেখানে গত মাসে ১৯ কেজির বাণিজ্যিক LPG-র দাম ছিল ২,৮১০ টাকা। নতুন মাসে ১০ টাকা বৃদ্ধির পর তা হয়েছে ২,৮২০ টাকা। চেন্নাইয়ে পুরনো দামের সঙ্গে ১১.৫০ টাকা যুক্ত হওয়ায় এখন সিলিন্ডারপ্রতি খরচ পড়ছে ২,৯৯৪.৫০ টাকা। মুম্বই ও বেঙ্গালুরুর গ্রাহকদেরও বাড়তি টাকা খরচ করতে হবে। মুম্বইয়ে ১০.৫০ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ২,৭৭৫ টাকা। বেঙ্গালুরুতে বৃদ্ধির পরিমাণ ১০ টাকা। ফলে সেখানে নতুন দর ২,৯০৮ টাকা।
আরও পড়ুন :আর নীল-সাদা নয়, গেরুয়াও নয়! এবার কোন রঙে সাজবে নবান্ন? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
অন্যদিকে, বাড়ির রান্নার কাজে ব্যবহৃত ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দামে নভেম্বর মাসে কোনও হেরফের হয়নি। ফলে বিভিন্ন শহরে আগের মূল্যেই গ্যাস কিনতে পারবেন গ্রাহকরা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। কলকাতায় ৯৬৮ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা এবং বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা। দেশের অন্যান্য শহরের মধ্যে চেন্নাইয়ে গৃহস্থের LPG সিলিন্ডারের দাম ৯৫৭.৫০ টাকা। হায়দরাবাদে ৯৯৪ টাকা এবং চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।
বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও গৃহস্থের গ্যাসের দাম বাড়েনি। তবে হোটেল ও রেস্তরাঁর মতো প্রতিষ্ঠানগুলিকে এখন আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে জ্বালানির পিছনে। সেই অতিরিক্ত খরচ ব্যবসায়িক পরিষেবার দামে কতটা প্রভাব ফেলে, তা আগামী দিনে স্পষ্ট হবে।












