এসআইআরে কীভাবে নেওয়া হল সিদ্ধান্ত? নির্বাচন কমিশনের কাছে ৪৮ প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে বিরোধীরা

Published on:

Published on:

Opposition approaches supreme court with 48 questions about SIR

বাংলা হান্ট ডেস্ক : এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে রাজনৈতিক সংঘাত এবার পৌঁছল গুরুত্বপূর্ণ পর্যায়ে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (SIR) স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে কি না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিয়ম মেনে চলা হয়েছে কি না, তা নিয়ে শুরু থেকেই সরব বিরোধীরা। এবার নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের কাছ থেকে সরাসরি জবাব পাওয়ার উদ্যোগ নিল ইন্ডিয়া ব্লক। এই মর্মে সুপ্রিম কোর্টে (Supreme Court) জমা দেওয়া হয়েছে বিশেষ আবেদন। সেই সঙ্গে কমিশনের কাজকর্ম নিয়ে ৪৮টি নির্দিষ্ট প্রশ্নও তুলে ধরেছেন আবেদনকারীরা।

এসআইআর (SIR) নিয়ে ৪৮ টি প্রশ্ন জমা পড়ল সুপ্রিম কোর্টে (Supreme Court)

সোমবার আদালতে পেশ করা আবেদনে বিরোধী জোটের বক্তব্য, এসআইআর মামলায় নির্বাচন কমিশন এতদিন নিজেদের সিদ্ধান্তের পক্ষে সওয়াল করলেও সেই দাবির সমর্থনে পর্যাপ্ত নথি কিংবা প্রামাণ্য তথ্য দেয়নি। ফলে কমিশনের বক্তব্যের আড়ালে থাকা সিদ্ধান্ত গ্রহণের প্রকৃত প্রক্রিয়া সামনে আনা প্রয়োজন। কোন পরিস্থিতিতে কী পদক্ষেপ করা হয়েছিল, কার নির্দেশে সেগুলি কার্যকর হয়েছে এবং তার পিছনে কী তথ্য ছিল, তা জানতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশ্নের মুখোমুখি করার অনুমতি চেয়েছে বিরোধী শিবির।

Opposition approaches supreme court with 48 questions about SIR

তাদের মতে, প্রয়োজনীয় নথি ও তথ্য কমিশনের হেফাজতেই রয়েছে। তাই এই বিষয়ে কমিশনের কাছ থেকেই বিস্তারিত ব্যাখ্যা পাওয়া জরুরি। আবেদনকারীদের তৈরি প্রশ্নমালায় শুধু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নন, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী এবং উপ-নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইয়েতুরু-সহ একাধিক আধিকারিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন : বিজেপির জয় নিয়েই আক্ষেপ? বিতর্কের মুখে ২৪ ঘণ্টার মধ্যে বিবৃতি রত্না দেবনাথের

কমিশনের অভ্যন্তরে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি নিয়েই মূলত একাধিক প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এসআইআর পরিচালনার বিষয়ে কমিশনের সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন কি না, সিদ্ধান্ত গ্রহণের সময় কোন নিয়ম অনুসরণ করা হয়েছিল, কার অনুমোদনে নির্দিষ্ট পদক্ষেপ কার্যকর হয়েছিল, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি ECINET ব্যবস্থার নকশা তৈরি থেকে শুরু করে তার বাস্তব প্রয়োগ ও পরিচালনার দায়িত্ব কীভাবে পালন করা হয়েছে, সেই বিষয়টিও প্রশ্নের তালিকায় রয়েছে।

শুধু মৌখিক ব্যাখ্যা নয়, সিদ্ধান্তগুলির প্রশাসনিক রেকর্ডও দেখতে চায় আবেদনকারী পক্ষ। কোন সিদ্ধান্তের জন্য কত নম্বরের ফাইল তৈরি হয়েছিল, কবে তা অনুমোদিত হয়েছিল এবং সংশ্লিষ্ট নির্দেশ লিখিতভাবে নাকি ডিজিটাল মাধ্যমে জারি করা হয়েছিল, সেই সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে।প্রশ্নমালার একটি বড় অংশ জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকার মূল তথ্যভাণ্ডারে পরিবর্তন আনার ক্ষেত্রে কী ধরনের অনুমোদন দেওয়া হয়েছিল, নতুন ভোটারের নাম তোলা কিংবা তালিকা থেকে নাম বাদ দেওয়ার সময় তার পূর্ণাঙ্গ রেকর্ড রাখা হয়েছিল কি না, তা নিয়ে ব্যাখ্যা চেয়েছে বিরোধীরা।

ফর্ম ৬-এর কাঠামোয় পরিবর্তন, রাজ্যে জুডিশিয়াল অফিসারদের দেওয়া নির্দেশের বিরুদ্ধে জমা পড়া আপিল এবং সংশোধনের পর্বে কতজনের নাম বাদ গিয়েছে, সেই হিসাবও জানতে চাওয়া হয়েছে।এদিকে, আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছে শীর্ষ আদালত। এর আগে ২৭ অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আবেদনকারীদের ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনের পাল্টা হলফনামার জবাব জমা দিতে বলেছিল। ওই হলফনামায় কমিশন জানিয়েছিল, এসআইআর সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমেই গৃহীত হয়েছিল। ৪৮টি প্রশ্নের উত্তর দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, তার উপর নির্ভর করতে পারে এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী গতিপথ।