আরও সহজে মন্দারমণি-তাজপুর! সাপুয়া থেকে নতুন সেতু তৈরিতে উদ্যোগী রাজ্য

Published on:

Published on:

Government of West Bengal to build to bridges in Mandarmani and Tajpur area

বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির প্রিয় পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম মন্দারমণি (Mandarmani)। সপ্তাহান্ত তো বটেই, তিন-চারদিনের লম্বা ছুটিতেও অনেকে সেখানে ছুটে যান। এবার সেই মন্দারমণি যাতায়াত আরও সহজ করতে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই সাপুয়া থেকে মন্দারমণি যাওয়ার রাস্তায় খালের উপর সেতু তৈরির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি রামনগরের দেউলিবাংলা থেকে তাজপুর যাওয়ার রাস্তায় খালের উপর সেতু তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে।

মন্দারমণি-তাজপুর নিয়ে বড় উদ্যোগ রাজ্যের | (Government of West Bengal)

সাপুয়া থেকে মন্দারমণি ও দেউলিবাংলা থেকে তাজপুর অবধি সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। তৃণমূল আমলে সেতু তৈরির আশ্বাস মিললেও শেষ অবধি তা সম্পন্ন হয়নি। বিষয়টি জানা মাত্রই উদ্যোগী হয়েছেন রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল।

Government of West Bengal to build to bridges in Mandarmani and Tajpur area

তিনি বলেন, “জায়গা পরিদর্শন করা হয়েছে। এরপর খসড়া বানিয়ে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো হবে। আমরা চাই এই দুই সেতু দ্রুত তৈরি হোক। স্থানীয় বিধায়ক হিসেবে আমি বিষয়টি তদ্বির করছি।“

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা ঢুকতেই ৫০০ টাকার দাবি! বিজেপি কর্মীর বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ

সম্প্রতি সাপুয়া থেকে মন্দারমণি ও দেউলিবাংলা থেকে তাজপুর অবধি সেতু তৈরির লক্ষ্যে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন চন্দ্রশেখর। তাঁর সঙ্গে রামনগর ২ -এর বিডিও শুভদীপ ভড় সহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সম্পূর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি।

মন্দারমণি যেতে হলে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে চাউলখোলা নেমে পর্যটকদের যেতে হয়। আগের সরকারের আমলে মন্দারমণি যাতায়াত আরও সহজ করতে উদ্যোগী হয়েছিল প্রশাসন। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ তথা ডিএসডিএর তরফে সাপুয়া থেকে মন্দারমণি যাওয়ার একটি বিকল্প রাস্তা এবং সিলামপুরের কাছে খালের উপর সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল।

এরপর সাপুয়া থেকে সিলামপুর অবধি রাস্তা চওড়া হয়েছে। এরপর নয় বছর কেটে গেলেও সেতু তৈরি হয়নি। এবার সেই সেতু তৈরিতে উদ্যোগী হল রাজ্য সরকার। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও অনেকটা সুরাহা হবে।

পাশাপাশি দেউলিবাংলা থেকে তাজপুর অবধি যাওয়ার সেতু তৈরিরও উদ্যোগ নিয়েছে রাজ্য। এই সেতু তৈরি হলে অতি সহজেই জলধা মৎসখটি ও তাজপুর পর্যটন কেন্দ্র এলাকায় যাওয়া যাবে।