অন্নপূর্ণা যোজনা ঢুকতেই ৫০০ টাকার দাবি! বিজেপি কর্মীর বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কথা বারবার বলেছে রাজ্য সরকার। ‘কাটমানি’ কালচার যে বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এবার বিজেপি (BJP) কর্মীর বিরুদ্ধে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগও তুলেছে বিজেপিই।

অন্নপূর্ণা যোজনায় ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ | (Annapurna Yojana)

ঘটনাস্থল রাজপুর-সোনারপুর পুরসভার বোড়াল। দলীয় কর্মীর বিরুদ্ধে সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন দলেরই মণ্ডল সহ সভাপতি। ইতিমধ্যেই অভিযুক্ত বিজেপি কর্মী পার্থ সাহার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Annapurna Yojana

এই বিষয়ে এক অভিযোগকারী বলেন, অন্নপূর্ণা যোজনায় যেদিন প্রথম টাকা ঢুকল, সেদিন রাতে উনি এসে জিজ্ঞেস করেন টাকা ঢুকেছে? আমি ‘হ্যাঁ’ বলায় বললেন তাহলে ৫০০ টাকা দিতে হবে। ওখানে মন্দির পাড় বাঁধানো হবে। সেই জন্য টাকা দিতে হবে।

আরও পড়ুনঃ আরও ৫% DA বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী, বকেয়ার টাকা জমা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে

এরপর সরাসরি অভিযুক্ত বিজেপি কর্মীর নাম নিয়ে অভিযোগকারী বলেন, “পার্থ দা (বিজেপি কর্মী পার্থ সাহা) বলেছিলেন। বিজেপি কর্মী। দেখলাম অনেকে দিয়েছেন। এরপর আমি দিয়েছিলাম।“

একই সুর শোনা যায় আরও এক অভিযোগকারীর গলায়। তিনি বলেন, “আমায় বললেন, বউদি টাকা পেয়েছেন তো? দেখেছেন তো করিয়ে দিলাম। এবার সিস্টেমটা জানেন তো? আমি বললাম, কী সিস্টেম? জবাবে বললেন, আপনাকে আমাদের পুজো মণ্ডপের জন্য এক-দেড় হাজার টাকা দিতে হবে।“

এই বিষয়ে সোনারপুরের বিজেপির মণ্ডল সহ সভাপতি বরুণ হালদার জানান, রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনার নাম করে স্থানীয় মহিলাদের থেকে দেড় হাজার টাকা চাওয়া হচ্ছে। জোর করে কখনও এক মাসে, কখনও আবার ইনস্টলমেন্টে টাকা চাওয়া হয়েছে।

বরুণ বলেন, “আমাদেরই পার্থ সাহা বলে একজন ব্যক্তি এই টাকা নিচ্ছেন। উনি বারবার বলেন আমি রাজ্য কমিটির সঙ্গে যুক্ত আছি। আমার সঙ্গে বড় বড় নেতৃত্বের যোগাযোগ আছে।“

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি কর্মী। তাঁর দাবি, যে বা যারা অভিযোগ করেছেন, তাঁদের থেকে তিনি কোনও টাকা চাননি। তাঁদের সবার মুখও চেনেন না।

পার্থ বলেন, “অন্নপূর্ণা যোজনা করে দেব বলে টাকা চাওয়া হয়নি। আমার জীবনে কোনও রাজনৈতিক দলের থেকে আমি টাকা নিইনি। এটা আমার রেকর্ড। যারা যারা পেয়ে গিয়েছে, তাঁদের বলেছি ভাই তোমরা স্বেচ্ছায় কমিটমেন্ট করেছ। তোমরা তো দাওনি। প্রত্যেকটা বিল দিয়ে টাকা নেওয়া হয়েছে। আমার তেমন আর্থিক অবস্থা নয়। আমি দলের চার আনা পয়সাও নিইনি।“

অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হয়। এবার এই প্রকল্পেই ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ উঠল। তাও আবার বিজেপি কর্মীর বিরুদ্ধে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বিজেপি কর্মী।