বাংলা হান্ট ডেস্কঃ জোড়াফুল প্রতীক (TMC Symbol) নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে জোর টানাপড়েন চলছে। মমতা তৃণমূল না ঋত তৃণমূল, কে প্রতীক পাবে সেই নিয়ে দড়ি টানাটানি অব্যাহত। এর মাঝেই সাতদিনের ডেডলাইন বেঁধে বড় চ্যালেঞ্জ দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বড়পর্দায় সবাইকে সাক্ষী রেখে সব দেখানোর হুঁশিয়ারি দেন তিনি।
প্রতীক-যুদ্ধের মাঝেই অভিষেকের হুঁশিয়ারি | (Abhishek Banerjee)
সম্প্রতি পাড়ার এক জগদ্ধাত্রী পুজো মণ্ডপে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মমতা তৃণমূলের সাংসদ। সেই সময়ই কার্যত চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, “খালি সাতদিন দাঁড়ান। জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে। শুধু সাতদিন দাঁড়ান। কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল হয়েছে…বড়পর্দায় আপনাদের সবাইকে সাক্ষী রেখে দেখাব।“

অভিষেকের এই মন্তব্যের পাল্টা সরব হয়েছে ঋত শিবিরও। বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, “উনি এখন শান্তিতে ঘুমান। এরপর যেন আবার না বলেন নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট অন্যায় করেছে। একথা যেন শুনতে না হয়। আমরাই প্রতীক ও তহবিল পাব।“
আরও পড়ুনঃ আকভানের প্রভাবে আজ জেলায় জেলায় দুর্যোগ! কতদিন চলবে? আবহাওয়ার আপডেট
তৃণমূলের নাম-প্রতীক নিয়ে চলতে থাকা টানাপড়েনের মাঝে গত রবিবার কমিশনে নথি জমা করেছে মমতা তৃণমূল। লোকসভা ও রাজ্যসভার দুই সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেনের প্রতিনিধি দল দিল্লিতে কমিশনের দফতরে গিয়ে এই নথি জমা করে এসেছে।
পরবর্তীতে কল্যাণ দাবি করেন, মমতা তৃণমূলের পক্ষে বাংলার মোট ৩২ জন বিধায়ক হলফনামা জমা করেছেন। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভার ১৭ জন সাংসদ, মেঘালয়ের ৫ জন ও অসমের ১ জন বিধায়কও তাঁদের পক্ষেই হলফনামা জমা করেন।
এবার এই প্রতীক-যুদ্ধের মাঝেই সাতদিনের ডেডলাইন বেঁধে বড় চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়াফুল মমতারই থাকবে এই দাবির পাশাপাশি বড়পর্দায় সব তথ্য দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।












