বাংলা হান্ট ডেস্ক : প্রাথমিক স্কুলে (Primary Schools) বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। নতুন শিক্ষাবর্ষ থেকে রাজ্যের কয়েক হাজার স্কুলে বাড়তে চলেছে পঠনপাঠনের পরিসর। এতদিন যে সমস্ত বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ ছিল, সেখানেই এবার পঞ্চম শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বহু পড়ুয়াকে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে পরবর্তী শ্রেণিতে ভর্তির জন্য অন্য বিদ্যালয়ের সন্ধান করতে হবে না। এই মর্মে ইতিমধ্যেই প্রশাসনিক নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্যের স্কুলশিক্ষা দফতর।
প্রাথমিক স্কুল (Primary Schools) নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
জানা গেছে, পশ্চিমবঙ্গের মোট ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু হবে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এই ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মঙ্গলবার, ১৮ নভেম্বর স্কুলশিক্ষা দফতরের প্রাথমিক শিক্ষা বিভাগ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। কোন কোন বিদ্যালয় এই নতুন ব্যবস্থার আওতায় আসছে, বিজ্ঞপ্তির সঙ্গে তার পৃথক তালিকাও দেওয়া হয়েছে।

এই উদ্যোগ কার্যকর করতে শুধু নির্দেশিকা জারি করেই থেমে থাকছে না দফতর। গোটা ব্যবস্থার বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষকে। পাশাপাশি জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে। কলকাতা ও শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদকেও একই নির্দেশ মেনে পদক্ষেপ করতে বলা হয়েছে।
আরও পড়ুন : মেডিক্যাল কলেজের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, প্রয়োজনে দ্রুত পদক্ষেপের হুঁশিয়ারি
শিক্ষা দফতরের এই পদক্ষেপের পিছনে রয়েছে ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন বা RTE Act। শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করার আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই বিদ্যালয়গুলিতে অতিরিক্ত একটি শ্রেণি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট স্কুলগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলাও জরুরি। নতুন শ্রেণির জন্য উপযুক্ত পরিকাঠামো, শিক্ষক এবং পঠনপাঠন সংক্রান্ত প্রস্তুতি কতটা রয়েছে, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই এই কাজগুলি সম্পন্ন করার চ্যালেঞ্জ থাকছে জেলা প্রশাসনের সামনে।
দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর দিনাজপুরে সর্বাধিক ৪৮০টি বিদ্যালয়কে এই পরিকল্পনার আওতায় রাখা হয়েছে। উত্তর ২৪ পরগনায় রয়েছে ৩৭৮টি স্কুল। মালদহে ৩৭৩টি এবং হুগলিতে ২১১টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি চালু করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও হাওড়া, কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলার একাধিক বিদ্যালয় রয়েছে তালিকায়। সব জেলা মিলিয়ে এই সংখ্যা দাঁড়াচ্ছে ৩১৯৯। রাজ্য সরকারের এই উদ্যোগ বাস্তবে চালু হলে প্রাথমিক স্তরের শিক্ষার পরিকাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।












