বাংলা হান্ট ডেস্ক : তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে মধ্যরাতে অভিযান। ডায়মন্ড হারবারের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদ। বুধবার মধ্যরাতে তাঁর বাড়ির দরজায় হাজির সিআইডি ও পুলিশের আধিকারিকরা। বেশ কিছুক্ষণ ধরে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করলেও বিধায়কের কোনও সন্ধান মেলেনি। জমি সংক্রান্ত পুরনো একটি মামলার তদন্তে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
মধ্যরাতে তৃণমূল বিধায়ক শামিম আহমেদের (TMC MLA) বাড়িতে অভিযান
দক্ষিণ ২৪ পরগনার হিংচেবেড়িয়ায় শামিমের বাড়ি। বুধবার রাত গড়িয়ে যাওয়ার পর সেখানে পৌঁছান তদন্তকারীরা। তাঁদের সঙ্গে ছিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার একটি দল। বাড়ির সদর দরজায় বারবার কড়া নাড়া হয়। ভিতরে কেউ রয়েছেন কি না, তা জানার জন্য ডাকাডাকিও করেন আধিকারিকরা। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও বাড়ির কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিধায়কও সামনে আসেননি।

এই ঘটনার পিছনে রয়েছে জমি সংক্রান্ত একটি পুরনো অভিযোগ। গত বছরের অগস্টে ডায়মন্ড হারবারে এক মহিলার পরিবারের সম্পত্তি জবরদখলের অভিযোগ সামনে আসে। অভিযোগকারিণীর বক্তব্য, প্রায় ১.৮৫ একর জমির দখল নিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের ভয় দেখানো হয়েছিল। এমনকি জোর করে জমির মালিকানা পরিবর্তন করানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্তদের তালিকায় শামিম আহমেদের নাম রয়েছে দ্বিতীয় স্থানে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।
আরও পড়ুন : সপ্তম বেতন কমিশন কার্যকরের প্রস্তুতি শুরু! মাদ্রাসার শিক্ষক-অশিক্ষক কর্মীদের তথ্য তলব রাজ্যের
অভিযোগকারী মহিলার আরও দাবি, জমি দখলের ঘটনায় শামিম ও তাঁর সঙ্গীরা সরাসরি জড়িত ছিলেন। গত বছর তাঁর বাড়িতে গিয়েও তাঁকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, অভিযুক্তদের রাজনৈতিক পরিচিতি ও ক্ষমতার কারণে পুলিশ সেই সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। দীর্ঘদিন ধরে ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন বলেও দাবি করেছেন ওই মহিলা।
তবে শুধু জমি দখলের মামলাই নয়, সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল নগদ টাকা উদ্ধারের ঘটনাতেও শামিমকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ওই পার্টি অফিসে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। সেই অর্থের উৎস এবং উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতর শুরু হয়। বিধায়কের নামও সেই বিতর্কে জড়িয়ে পড়ে।
যদিও শামিমের দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। গোটা বিষয়টিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করে তিনি সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার সেই বিতর্কের মধ্যেই জমি দখলের মামলায় বিধায়কের বাড়িতে সিআইডি ও পুলিশের যৌথ উপস্থিতি নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে। যদিও রাতের অভিযানের বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।












