বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবদের যুবশ্রী (Yuvashree) প্রকল্পের সুবিধা পাওয়া হোক বা চাকরির খোঁজ পাওয়া, দুই ক্ষেত্রেই দরকার হয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড (Employment Exchange Card)। এই নথি থাকলে সরকারি ও বেসরকারি নানা চাকরির খবর পেতে, চাকরির মেলা বিষয়ক তথ্য জানতে ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসংস্থানমূলক প্রকল্পের পরিষেবা পেতে সুবিধা হয়। এই পরিস্থিতিতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কীভাবে বানাতে হয়, এর জন্য কী কী নথি লাগে জেনে নিন।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানানোর পদ্ধতি | (Employment Exchange Card)
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানাতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। আবেদনের সময় প্রার্থীর সচল মোবাইল নম্বর ও ইমেল আইডি প্রয়োজন।

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বাড়ি বসে অনলাইনেই বানানো যায়। এর জন্য ইচ্ছুক প্রার্থীকে প্রথমে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘এনরোল জবসিকার’ বা ‘নিউ এনরোলমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ সপ্তম বেতন কমিশন কার্যকরের প্রস্তুতি শুরু! মাদ্রাসার শিক্ষক-অশিক্ষক কর্মীদের তথ্য তলব রাজ্যের
পরবর্তী ধাপে আবেদনকারীকে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিতে হবে ও ছবি, সিভি সহ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এরপর আবেদন জমা করলে একটি অস্থায়ী রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে। এটি পরে কাজে আসবে।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রয়োজনীয় নথিপত্র
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য আবেদন করতে হলে বেশ কিছু নথিপত্র দরকার হয়। আবেদনকারীর বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, সব পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নিজের স্বাক্ষরের স্ক্যান কপি প্রয়োজন। পাশাপাশি আপডেটেড সিভি, কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে), শারীরিক প্রতিবন্ধকতার শংসাপত্র (প্রযোজ্য হলে) দরকার হতে পারে।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য অনলাইনে আবেদনের পর ৬০ দিনের মধ্যে নথি যাচাই করাতে হয়। এর জন্য আবেদনকারীকে অস্থায়ী রেজিস্ট্রেশন স্লিপ, প্রয়োজনীয় নথির আসল ও জেরক্স কপি নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হয়। এই প্রক্রিয়া সফল হলে চূড়ান্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে ও এমপ্লয়মেন্ট কার্ডের নম্বর পাওয়া যাবে।
রাজ্যের যেসব বেকার যুবক-যুবতী এখনও চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। যুবশ্রী সহ রাজ্য সরকারের নানা কর্মসংস্থানমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এটি দরকার হয়। ফলে এখনও এই কার্ড না থাকলে সহজেই বানিয়ে নিতে পারেন।












