ফ্লাইওভারের নীচে তৈরি হবে লাইব্রেরি, বাচ্চাদের ক্রেশ! অভিনব পরিকল্পনা অগ্নিমিত্রার

Published on:

Published on:

Agnimitra Paul announces to make library and creche under flyover

বাংলা হান্ট ডেস্কঃ শহরের সৌন্দর্যায়নে কোনও খামতি রাখতে চান না রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বেআইনি পার্কিং বা ফুটপাথ দখলমুক্ত করে শহরকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় সেই বিষয়ে সর্বদা সচেষ্ট তিনি। এবার সেক্টর ফাইভ নিয়ে রাজ্যের (Government of West Bengal) বড় পরিকল্পনা জানালেন পুরমন্ত্রী। তিনি বলেন, বাঙালির বই পড়ার অভ্যাস ফেরাতে ফ্লাইওভারের নীচে তৈরি হবে লাইব্রেরি। দিনের বেলায় সেটাই বাচ্চাদের ক্রেশ হয়ে যাবে।

শহরের সৌন্দর্যায়নে বড় পরিকল্পনা অগ্নিমিত্রার | (Agnimitra Paul)

বুধবার নব দিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির অফিসে উপস্থিত হয়েছিলেন পুরমন্ত্রী। সেখানে এনকেডিএ ও এনডিআইটি নিয়ে রিভিউ মিটিং করেন তিনি। এরপর বলেন, “সেক্টর ফাইভ নিয়ে পরিকল্পনা আছে। আগামী বছর যাতে এখানে জল না জমে সেই জন্য এখন থেকে এজেন্সি মারফত কাজ শুরু করছে দফতর।“

Agnimitra Paul

অগ্নিমিত্রা জানান, এখন থেকেই গালি পিট পরিষ্কারের কাজ শুরু হবে। পাশাপাশি রাস্তার একটাও স্ট্রিট লাইট যাতে সমস্যা না করে তার জন্য এজেন্সিকে দায়িত্ব দেওয়া হলেও একজনকে সেটা নজরদারির দায়িত্ব দেওয়া হবে। রাস্তা ও পেভমেন্টও সুন্দর করার বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘সাতদিন দাঁড়ান, বড়পর্দায় সব দেখাব’! প্রতীক-যুদ্ধের মাঝেই বড় চ্যালেঞ্জ অভিষেকের

এছাড়া ফ্লাইওভারের নীচের জায়গাগুলি নিয়েও রাজ্যের বড় পরিকল্পনা রয়েছে বলে জানান পুরমন্ত্রী। তিনি বলেন, “ফ্লাইওভারের নীচের জায়গাগুলিকে ডেভেলপ করে লাইব্রেরি করব, যাতে অফিস ফেরত মানুষ বই পড়তে পারেন। বাঙালির বইয়ের অভ্যাস অনেকদিনের। তবে এখন অনেকেরই টিভি, মোবাইলের কারণে বই পড়া হয় না। যাদের বই পড়ার ইচ্ছা থাকলেও সুযোগ নেই বা নিম্নবিত্ত যারা ব্যাঙ্ক বা রেলের পরীক্ষা দিচ্ছেন অথচ দামি দামি বই কেনার ক্ষমতা বা পড়ার জায়গা নেই, তাঁদের জন্য একটা জায়গা থাকবে। পাশাপাশি বস্তির যে কাজের মাসি বা ভ্যান চালকরা সকালে কাজে যান, তাঁদের জন্য সকালে ক্রেশের ব্যবস্থা করা হবে। সেটাই দুপুরে লাইব্রেরি হয়ে যাবে।“

এদিন অগ্নিমিত্রা জানান, খেলার জায়গা তৈরির পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, টেবিল টেনিস কোর্ট বানানো হবে, পিকেল বল খেলার জায়গা থাকবে। পাশাপাশি একটি ক্যাফে বানানো হবে। সেখানে চা-স্যান্ডউইচ পাওয়া যাবে। তবে সবটাই মেম্বারশিপ দিয়ে হবে।

এগুলির সঙ্গেই অবলাদের জন্যও বিশেষ পরিকল্পনা রয়েছেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, “আমি পশু-পাখি কতটা ভালোবাসি জানেন। কুকুরদের থাকার জায়গা হবে। পাখিদের জন্য সব গাছে খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।“

অগ্নিমিত্রা জানিয়েছেন, আগামী মাস থেকে পাবলিক টয়লেট ও পিঙ্ক টয়লেট শুরু হতে চলেছে। পুরুষ ও মহিলাদের জন্য করা হবে শৌচাগারের ব্যবস্থা। রাজ্যবাসী ভরসা রাখুক, আরও অনেককিছু ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।