টাকা দিলেই মিলছে বিশেষ সুবিধা! জেলের অন্দরমহলের অভিযোগ ঘিরে তোলপাড়, মামলা হাইকোর্টে

Published on:

Published on:

PIL filed in Calcutta High Court over allegations of extortion in jail

বাংলা হান্ট ডেস্ক : এবার রাজ্যের সংশোধনাগারগুলির ভিতরের ব্যবস্থাপনা নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ। জেলের দেওয়ালের ভিতরে বন্দিদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্যও টাকা খরচ করতে হত। এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। অভিযোগ উঠেছে, কারাগারে খাবার খাওয়া থেকে শুরু করে রাতে মাথা গোঁজার একটু ভালো জায়গা পাওয়া—সবকিছুর জন্যই নাকি নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হত। এমনকি টাকা দিতে পারলে মিলত বিশেষ পরিষেবা, পৌঁছে যেত নিষিদ্ধ নেশার সামগ্রীও।

জেলজীবন নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্ট (Calcutta High Court)

মামলাকারীর দাবি, রাজ্যের একাধিক জেলে দীর্ঘদিন ধরে এই ধরনের বেআইনি আর্থিক লেনদেন চলেছে। কোনও কোনও সংশোধনাগার থেকে মাসে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত আদায় করা হত বলে অভিযোগ। বিষয়টির পিছনে কোনও সংগঠিত চক্র কাজ করছিল কি না, তা খুঁজে বের করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কারাগারের ভিতরে বন্দিদের কাছ থেকে কীভাবে টাকা নেওয়া হত, কারা সেই অর্থ সংগ্রহ করতেন এবং সেই টাকা কোথায় যেত, সবকিছু তদন্তের আওতায় আনার আবেদন জানানো হয়েছে।

PIL filed in Calcutta High Court over allegations of extortion in jail

এই ঘটনায় তৎকালীন শাসকদলের কয়েকজন প্রভাবশালী নেতা, মন্ত্রী এবং সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের একাংশের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও প্রমাণিত নয়। অন্যদিকে, অতীতে জেলে থাকার সময় টাকা দিতে হয়েছিল বলে দাবি করছেন কয়েকজন বিচারাধীন বন্দি। তাঁদের বক্তব্য সামনে আসায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে এমন অনিয়ম বন্ধ করতে বর্তমান প্রশাসন সক্রিয় হয়েছে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন :বকেয়া DA নিয়ে মনিটরিং কমিটির বৈঠক ১৪ ডিসেম্বর, মামলার পরবর্তী শুনানি কবে

মালদহের যে আইনজীবী এই মামলা করেছেন, তাঁর বক্তব্য অনুযায়ী, সাধারণ খাবারের বদলে একটু ভালো খাবার পাওয়া কিংবা রাতে তুলনামূলক পরিষ্কার জায়গায় ঘুমনোর জন্য বন্দিদের প্রতি মাসে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হত। এর বাইরে বাড়তি সুবিধা চাইলে অর্থের পরিমাণও বেড়ে যেত বলে অভিযোগ। অর্থাৎ বন্দির আর্থিক সামর্থ্য অনুযায়ী তাঁর জন্য আলাদা সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হত বলে দাবি। কারাগারের ভিতরে নেশার দ্রব্য সরবরাহের ব্যবস্থাও ছিল বলে অভিযোগ করেছেন তিনি।

মামলাকারীর বর্ণনা অনুযায়ী, নতুন কোনও বন্দি সংশোধনাগারে পৌঁছলে প্রথমে তাঁর উপর নজর রাখা হত। এরপর তাঁকে এমন একটি কক্ষে পাঠানো হত, যেখানে ভিড় এবং অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে থাকতে হত। সেখান থেকেই শুরু হত টাকা দেওয়ার চাপ। ভালো খাবার, থাকার জায়গা কিংবা অন্য কোনও সুবিধা পাওয়ার জন্য অর্থ দিতে বলা হত বলে অভিযোগ। দীর্ঘদিন জেলে কাটানো কয়েকজন বিচারাধীন বন্দিও জানিয়েছেন, তাঁদের নিয়মিত টাকা দিতে হয়েছে। মামলাকারী আইনজীবী নিজেও একসময় কারাগারে ছিলেন।

অন্যদিকে, কয়েকজন বন্দির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে উঠে এসেছে আরও কিছু তথ্য। তাঁদের অভিযোগ, জেলের ভিতরে থাকা আত্মীয়দের প্রয়োজনীয় সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে টাকা জমা দিতে বলা হয়েছিল। কেউ ৫০০ টাকা, কেউ আবার ১,০০০ টাকা করে দিয়েছেন বলে দাবি করেছেন। তাঁদের জানানো হয়েছিল, ওই অর্থ সংশোধনাগারের ক্যান্টিনে জমা করতে হবে। তবে এই টাকা আদায়ের পিছনে কোনও সরকারি নিয়ম ছিল, নাকি এর আড়ালে চলছিল বেআইনি কারবার, তা নিয়ে প্রশ্ন উঠেছে।