বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে মেয়েদের উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে বিশেষ আর্থিক সুবিধা (Grant for Female Student) দেওয়ার পরিকল্পনার কথা জানালেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। স্নাতক স্তরে পড়াশোনা চালিয়ে যাওয়া ছাত্রীদের জন্য তিন বছরে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রস্তাবের কথা উঠে এসেছে তাঁর বক্তব্যে। উচ্চশিক্ষায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানো এবং আর্থিক প্রতিকূলতার কারণে তাঁদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া আটকাতেই এই উদ্যোগের ভাবনা বলে জানিয়েছেন তিনি।
উচ্চশিক্ষায় মেয়েদের আর্থিক সুবিধা (Grant for Female Student)প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি
বর্তমানে বহু ছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরনোর পরেও কলেজে ভর্তি হতে পারেন না। পরিবারের আর্থিক সামর্থ্য, সংসারের দায়িত্ব এবং পড়াশোনার অতিরিক্ত খরচ অনেক সময় তাঁদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি বদলাতে মেয়েদের অন্তত স্নাতক ডিগ্রি অর্জনের উপরে জোর দেন জিতেন্দ্র তিওয়ারি।

তাঁর কথায়, মেয়েদের শিক্ষার সুযোগ শুধু স্কুলের স্তরে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রত্যেককে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়াই সরকারের লক্ষ্য। সভায় জিতেন্দ্র তিওয়ারি বলেন, “শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করেই পড়াশোনা থামিয়ে দিলে চলবে না, প্রতিটি মেয়েকে স্নাতক হতে হবে। মুখ্যমন্ত্রীও চান প্রতিটি কন্যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেন স্নাতক স্তর পর্যন্ত হয়।”
আরও পড়ুন : টাকা দিলেই মিলছে বিশেষ সুবিধা! জেলের অন্দরমহলের অভিযোগ ঘিরে তোলপাড়, মামলা হাইকোর্টে
এই লক্ষ্য পূরণে কলেজে ভর্তির পর ছাত্রীদের হাতে সরাসরি আর্থিক সহায়তা তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিধায়ক। তাঁর বক্তব্য অনুযায়ী, বিএ, বিকম এবং বিএসসি—এই তিনটি স্নাতক বিভাগের যে কোনও একটিতে ভর্তি হলেই সংশ্লিষ্ট ছাত্রীরা অনুদান পাওয়ার সুযোগ পাবেন। তিন বছরের পাঠক্রমের জন্য বরাদ্দ অর্থ একবারে দেওয়া হবে না। বরং শিক্ষাবর্ষ অনুযায়ী তিনটি কিস্তিতে টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। প্রথম ও দ্বিতীয় বছরে ১৭ হাজার টাকা করে এবং শেষ বছরে ১৬ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “কলেজে বিএ, বিকম ও বিএসসি বিভাগে ছাত্রীদের ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে। কলেজে মেয়েদের ভর্তি করালে তাঁদের পড়াশোনার জন্য তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে সরকার। প্রথম বর্ষে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বর্ষে ১৭ হাজার টাকা এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে।”
তবে বিধায়কের বক্তব্যে এই আর্থিক সহায়তার কথা উঠে এলেও প্রকল্পের বাস্তবায়ন নিয়ে এখনও বেশ কিছু প্রশ্ন রয়েছে। কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, আবেদনের জন্য কী কী শর্ত থাকবে কিংবা অনুদান পেতে নির্দিষ্ট কোনও যোগ্যতার প্রয়োজন হবে কি না, তা স্পষ্ট নয়। ফলে এটি আপাতত ঘোষিত পরিকল্পনা হিসেবেই সামনে এসেছে। সরকারের তরফে আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশিত হলে তবেই ছাত্রীদের আর্থিক সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে।












