বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পর্তুগালের জার্সিকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এই আবহেই রোনাল্ডোর ভারত সফরের বিষয়ে জল্পনা শুরু হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া দিয়েছেন খোদ তেলেঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। তিনি রোনাল্ডোকে ভারতে নিয়ে আসার বিষয়ে যথেষ্ট উদ্যোগী হয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গটি উপস্থাপিত করেন রেবন্ত। জানিয়ে রাখি যে, গত বছর অর্থাৎ ২০২৫-এর ডিসেম্বরে দ্বিতীয়বার ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। এমতাবস্থায়, রোনাল্ডোর ভারত সফরের সম্ভাবনা শুরু হতেই ফুটবল অনুরাগীদের মধ্যে যথেষ্ট আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
ভারতে রোনাল্ডোকে (Cristiano Ronaldo) আনার পরিকল্পনা!
জানিয়ে রাখি যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। যদিও, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর বিষয়টা তাঁর ক্ষেত্রে খুব একটা রাজকীয় হয়নি। বরং, তিনি কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এবং দূরত্ব তৈরি হয়। তারপরেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেন। যদিও, রোনাল্ডো ক্লাব ফুটবলে তাঁর দাপট বজায় রেখেছেন।

উল্লেখ্য যে, গত বছরের ডিসেম্বরে ‘গোট ট্যুর’-এ ভারতে এসেছিলেন মেসি। যেখান তিনি কলকাতা থেকে শুরু করে হায়দরাবাদ, মুম্বাই এবং দিল্লিতে গিয়েছিলেন। কলকাতায় তাঁর সফরে বিশৃঙ্খলা দেখা গেলেও হায়দারাবাদে যথেষ্ট ভালোভাবে মেসিকে প্রত্যক্ষ করেছিলেন অনুরাগীরা। শুধু তাই নয়, রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবলও খেলেন মেসি। পাশে ছিলেন রদ্রিগো ডি’পল, সুয়ারেজরা।
আরও পড়ুন: ভারতের আর্থিক বৃদ্ধিতে মুগ্ধ ট্রাম্প! কম সুদের হারের তুলনা করে বিঁধলেন US ফেডারেল রিজার্ভকে
এছাড়াও, হায়দারাবাদে মেসির সফরে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। তিনি মেসিকে জার্সি উপহার দেন। সামগ্রিকভাবে, কলকাতায় বিশৃঙ্খলার পর হায়দারাবাদে মেসির অনুষ্ঠান অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই আবহে সম্প্রতি একটি অনুষ্ঠানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন হায়দরাবাদে রোনাল্ডোকে আনার পরিকল্পনা চলছে।
আরও পড়ুন: ফের টান পড়বে পকেটে! ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে স্মার্টফোনের দাম, কী জানাচ্ছে রিপোর্ট?
জানিয়ে রাখি যে, মেসি এখনও পর্যন্ত দু’বার ভারতে এলেও রোনাল্ডো কখনও আসেননি। এমতাবস্থায়, কবে নাগাদ রোনাল্ডো ভারতে আসতে পারেন সেই বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি। তবে, রোনাল্ডোকে ভারতে নিয়ে আসার পরিকল্পনার প্রসঙ্গ সামনে আসতেই অনুরাগীদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়েছে।












