শিক্ষক বদলিতে বড়সড় পরিবর্তন! বছরে দু’বার সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী

Published on:

Published on:

Education Minister Dipak Barman announces major changes to teacher transfers

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক বদলির ক্ষেত্রে এবার সময়সীমা নির্দিষ্ট করার পথে হাঁটছে শিক্ষা দফতর। নতুন ব্যবস্থায় ইচ্ছামতো যে কোনও সময় বদলির নির্দেশ জারি হবে না। বরং বছরের দুটি নির্দিষ্ট পর্বে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনার কথা জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন (Dipak Barman)।

কী জানালেন স্কুলশিক্ষামন্ত্রী (Dipak Barman) ?

স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, জুন ও ডিসেম্বর মাসকে বদলির জন্য নির্ধারণ করা হচ্ছে। যদিও আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের অপেক্ষা করতে হবে না নির্দিষ্ট কোনও মাসের জন্য। মন্ত্রী জানিয়েছেন, বদলির ইচ্ছা থাকলে শিক্ষকরা বছরের যে কোনও সময় নিজেদের আবেদন জানাতে পারবেন। তবে সেই আবেদন অনুযায়ী কর্মস্থল পরিবর্তনের ব্যবস্থা করা হবে জুন অথবা ডিসেম্বর মাসে। এর ফলে শিক্ষক বদলির ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম চালু করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Education Minister Dipak Barman announces major changes to teacher transfers

অন্যদিকে, স্কুলগুলিতে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক থাকা এবং কোথাও শিক্ষকের ঘাটতি তৈরি হওয়ার বিষয়টি সামাল দিতে ‘সারপ্লাস ট্রান্সফার’ নীতি এনেছে সরকার। এই ব্যবস্থার মাধ্যমে উদ্বৃত্ত শিক্ষককে অন্য স্কুলে পাঠানোর নির্দেশিকা ঘিরেই তৈরি হয়েছে আইনি জটিলতা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্যে স্পষ্ট, শিক্ষা দফতরের এই পদক্ষেপ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ায় তিনি অসন্তুষ্ট।

আরও পড়ুন : স্নাতক পড়লেই ৫০ হাজার টাকা! ছাত্রীদের তিন বছরের জন্য আর্থিক সাহায্যের পরিকল্পনা বিজেপি বিধায়কের

শুধু বদলি নয়, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়েও এদিনের সভায় নিজের অবস্থান তুলে ধরেন দীপক বর্মন। তাঁর অভিযোগ, নিয়োগ প্রক্রিয়াকে থমকে দেওয়ার লক্ষ্যেই একের পর এক আইনি পদক্ষেপ করা হচ্ছে। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

শিক্ষক বদলির নতুন সময়সূচি নিয়ে শিক্ষকদের মধ্যে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনই উদ্বৃত্ত শিক্ষক বদলি সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়েও নজর রয়েছে শিক্ষা মহলের। তবে জুন ও ডিসেম্বর মাসে বদলি কার্যকর করার বিষয়টি কীভাবে পরিচালিত হবে, কোন নিয়মে আবেদন যাচাই করা হবে এবং কবে থেকে নতুন ব্যবস্থা চালু হবে, তা জানতে শিক্ষা দফতরের বিস্তারিত নির্দেশিকার অপেক্ষা করতে হবে।