বাংলা হান্ট ডেস্ক : ৮৯ বছর ধরে বন্ধ একটি সিন্দুক। সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে আচার্য জগদীশচন্দ্র বসুর (Jagadish Chandra Bose) অস্তিত্বও। অথচ সেই তালাবন্ধ বাক্সের ভিতরে এমন কিছু থাকতে পারে, যা বদলে দিতে পারে ভারতীয় বিজ্ঞানচর্চার ইতিহাসের কোনও অজানা অধ্যায়। কারণ, সিন্দুকটি আর কারও নয়, স্বয়ং আচার্য জগদীশচন্দ্র বসুর। তাঁর মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত সেটির তালা খোলার কোনও সফল উদ্যোগ হয়নি। এবার সেই রহস্যের সমাধানে এগিয়ে এল ঝাড়খণ্ড হাইকোর্ট। আদালতের নির্দেশে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে বিজ্ঞানীর স্মৃতিবিজড়িত বাড়ি ও সিন্দুক নিয়ে নতুন করে তৎপরতা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
খোলা হবে জগদীশচন্দ্র বসুর (Jagadish Chandra Bose) সিন্দুক
গিরিডির বরগণ্ডা এলাকায় অবস্থিত শান্তি ভবনেই রাখা রয়েছে এই সিন্দুক। জীবনের শেষ কয়েকটি বছর এই বাড়িতে কাটিয়েছিলেন জগদীশচন্দ্র বসু। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর বাড়ির অন্যান্য স্মারকের সঙ্গে সিন্দুকটিও থেকে যায় তালাবন্ধ অবস্থায়। প্রায় নয় দশক পেরিয়ে গেলেও তার ভিতরে কী রয়েছে, তা নিয়ে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। বিজ্ঞানীর ব্যক্তিগত সংগ্রহ, গবেষণার খসড়া কিংবা গুরুত্বপূর্ণ আবিষ্কারের দলিল—কোন সম্পদ এত দিন ধরে আড়ালে রয়েছে, তা জানার অপেক্ষায় রয়েছেন গবেষকরা।

সম্প্রতি শান্তি ভবনের দুরবস্থা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি আদালতের নজরে আসে। কোনও পক্ষের আবেদন ছাড়াই ঝাড়খণ্ড হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলার শুনানি শুরু করে। বুধবার বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ রাজ্যের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরকে একাধিক পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন : শিক্ষক বদলিতে বড়সড় পরিবর্তন! বছরে দু’বার সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী
শুধু একটি বাড়ির সংস্কার নয়, গোটা রাজ্যের ঐতিহাসিক সম্পত্তি সংরক্ষণের জন্যও পরিকল্পনা চেয়েছে আদালত। কোথায় কোথায় ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে, সেগুলির বর্তমান অবস্থা কী এবং ভবিষ্যতে কীভাবে সেগুলি রক্ষা করা হবে, তার পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করতে বলা হয়েছে। শান্তি ভবনকে ঘিরে সরকারের পরবর্তী পদক্ষেপ জানাও জরুরি বলে মনে করেছে আদালত। সংগ্রহশালাটির রক্ষণাবেক্ষণ, মেরামতি এবং উন্নয়নের জন্য কী উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই সংক্রান্ত তথ্য হলফনামার মাধ্যমে জমা দিতে হবে সংশ্লিষ্ট দফতরকে।
তবে শুনানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল জগদীশচন্দ্র বসুর লোহার সিন্দুক। এত বছর ধরে সেটি খোলা না হওয়ায় আদালত বিস্ময় প্রকাশ করেছে। উপযুক্ত নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা রেখে সিন্দুকটি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, “তাঁর মৃত্যুর ৮৯ বছর পরও লোহার সিন্দুকটি বন্ধই পড়ে রয়েছে। ওই লোহার সিন্দুকে স্যর জগদীশচন্দ্র বসুর গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে। তা মানবজাতিকে, বিশেষ করে বিজ্ঞানচর্চার সমাজকে সমৃদ্ধ করতে পারে। ওই সিন্দুক খোলার এটাই আসল সময়।”
উল্লেখ্য,১৮৫৮ সালে অধুনা বাংলাদেশের ময়মনসিংহে জন্ম জগদীশচন্দ্র বসুর। পদার্থবিদ্যা ও জীববিজ্ঞানের গবেষণায় তাঁর অবদান আন্তর্জাতিক বিজ্ঞানমহলে বিশেষ মর্যাদা পেয়েছে। উদ্ভিদের জীবন ও বিভিন্ন উদ্দীপনায় তাদের প্রতিক্রিয়া নিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষা বিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। গিরিডির প্রাকৃতিক পরিবেশ তাঁকে উদ্ভিদ নিয়ে গবেষণার ক্ষেত্রে বিশেষভাবে আকর্ষণ করেছিল। সেই টানেই জীবনের একটা বড় সময় এই এলাকায় কাটান তিনি।
বিজ্ঞানীর ব্যবহৃত সামগ্রী ও গবেষণার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালে বাড়িটি অধিগ্রহণ করে তৎকালীন বিহার সরকার। পরে সেটিকে স্মারক সংগ্রহশালার রূপ দেওয়া হয়। ‘জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল সায়েন্স বিল্ডিং’ নামে পরিচিত এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি। উদ্বোধন করেছিলেন তৎকালীন বিহারের রাজ্যপাল এ আর কিদওয়াই। নির্দেশ কার্যকর হলে শুধু একটি পুরনো সিন্দুকের তালা খুলবে না, উন্মোচিত হতে পারে ইতিহাসের বিস্মৃত কোনও অধ্যায়ও।












