বাংলা হান্ট ডেস্কঃ রাস উৎসবের সূচনালগ্নে সেজে উঠেছে নবদ্বীপ (Nabadwip)। রবিবার সেই উৎসবে যোগ দিতে সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকেই নবদ্বীপের জন্য ঢালাও বরাদ্দের ঘোষণা করেন তিনি। স্থায়ী সেতু, ফেরি পরিষেবা, গবেষণাকেন্দ্র, গোশালা সম্প্রসারণ সহ একগুচ্ছ ঘোষণা করা হয়েছে।
নবদ্বীপের জন্য ঢালাও ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
এদিন মুখ্যমন্ত্রী জানান, নবদ্বীপে নদী পারাপারের জন্য স্থায়ী সেতু তৈরি করা হবে। পাশাপাশি বানানো হবে একটি সুসজ্জিত ঘাট। সেই ঘাটে ফেরি পরিষেবা চালু করা হবে। সব ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে সেই ফেরি পরিষেবার উদ্বোধন হবে বলে জানিয়েছেন তিনি।

অনেক আগেই এই ঘাট তৈরির কাজ শুরু হয়েছিল। তবে এখনও সেই কাজ শেষ হয়নি। সেই অসমাপ্ত ঘাটের কাজ সম্পন্ন করার কথা জানিয়ে শুভেন্দু বলেন, “একটা তৈরি হয়েছিল। কিন্তু সেটা চলে না। আমি ওই ঘাটের কাজ সম্পূর্ণ সুন্দর করে তৈরি করার জন্য ব্যবস্থা করব। এটা জানিয়ে গেলাম।“
আরও পড়ুনঃ কৃষকদের ফসল বিমা পাওয়ার সহজ উপায়! ক্ষতিপূরণ পেতে কী কী নথি লাগবে, আবেদন পদ্ধতি জানুন
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, নবদ্বীপে স্থায়ী সেতু তৈরি না হওয়া অবধি ওই ঘাটে লঞ্চ পরিষেবার উপর সাধারণ মানুষকে ভরসা করতে হবে। সেতু তৈরির পরেও এই ফেরি পরিষেবা বন্ধ হবে না। তিনি বলেন, ”কাজ শেষ হলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি আবার এখানে আসব। ফেরি পরিষেবা উদ্বোধন করব।“
এছাড়া এদিন শুভেন্দু জানান, নবদ্বীপে গবেষণাকেন্দ্রের থমকে থাকা কাজ সম্পন্ন করা হবে। ভক্তদের সাহায্য নিয়ে ওই গবেষণাকেন্দ্র নির্মাণ হচ্ছে। তবে টাকার অভাবে সেটা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এর জন্য দু’কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি বলেন, সেখানকার গোশালা সম্প্রসারণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং গুরুকুল ও সংস্কৃত টোল তৈরির পরিকল্পনা করা হয়েছে।
এদিন নবদ্বীপে দাঁড়িয়ে রাজ্যের পূর্ববর্তী সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকার মহাপ্রভুর জন্মস্থানের দিকে নজর দেয়নি। তাঁরা শুধুমাত্র নবদ্বীপকে একটি দেশি ও একটি বিদেশি মদের দোকান দিয়েছে।“
চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সাজিয়ে তুলতে ঢালাও বরাদ্দ করেছে রাজ্য সরকার। গুরুকুল ও সংস্কৃত টোল তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করতেও কোনও টাকার সমস্যা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।












