‘রাজ্যে টাকার অভাব নেই’, মমতা সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ শুভেন্দুর!

Published on:

Published on:

CM Suvendu Adhikari Slams Mamata Govt Over Unspent Central Funds

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের কোষাগারে টাকার অভাব নেই। উন্নয়নের কাজ করার জন্য যথেষ্ট টাকা রয়েছে সরকারের হাতে। রবিবার এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে রাজ্যের আগের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন তিনি। তাঁর দাবি, কেন্দ্র টাকা দিলেও সেই টাকা ঠিকমতো খরচ করতে পারেনি আগের সরকার। এমনকী, খরচের হিসাবও জমা দিতে পারেনি। আর সেই কারণেই কেন্দ্রের কাছ থেকে টাকা পেতে সমস্যা হত বলে দাবি শুভেন্দুর।

রাজ্যের কোষাগার নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

রবিবার কলকাতার ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে মুখ খোলেন তিনি। শুভেন্দু জানান, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে কেন্দ্র যে টাকা দিয়েছিল, সেই টাকা দিয়েই এখন উন্নয়নের কাজ চলছে।

Suvendu Adhikari Shares Good News West Bengal Getting PM SVANidhi Samman Awards 2026

তাঁর অভিযোগ, আগের সরকার সিআরএফ (CRF) এবং এসডিআরএফ (SDRF)-এর টাকা খরচ করেনি। তবে বর্তমান সরকার সেই টাকা কাজে লাগাচ্ছে। যেসব এলাকায় দমকলের গাড়ি ঢুকতে পারে না, সেখানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ওয়াটার অ্যাম্বুলেন্স, বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা এবং অর্জুন বাহিনী তৈরি করা হয়েছে। রতুয়ার জন্য ২৪০ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ বিদ্যুৎ নিয়ে আর চিন্তা নয়? আদানির সঙ্গে বড় চুক্তি রাজ্যের, সামনে এল বিস্তারিত তথ্য

কেন্দ্রের টাকা কেন পেত না আগের সরকার?

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, আগের সরকার কেন্দ্রের দেওয়া টাকা খরচের হিসাব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট (UC) জমা দিতে পারেনি। আর সেই কারণেই নতুন করে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হত। মুখ্যমন্ত্রী বলেন, “ইউসি দিতে না পারলে টাকা কোথা থেকে আসবে। টাকা দেওয়ার জন্য তো ভারত সরকার বসে রয়েছে। আমরা কাজ করছি, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার রাজ্যের আর্থিক সংকটের কথা বলেছিলেন। তৃণমূলের দাবি ছিল, আগের সরকারের ঋণের বোঝা এবং কেন্দ্রের আর্থিক বঞ্চনার কারণেই রাজ্যের কোষাগারে টান পড়েছে। যদিও সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছিলেন, আর্থিক অব্যবস্থাপনা ও উন্নয়নের ব্যর্থতা ঢাকতেই কোষাগার খালি থাকার কথা বলা হচ্ছে।

সরকারি টাকা খরচ নিয়েও কড়া বার্তা

এদিন শুভেন্দু (Suvendu Adhikari) আরও জানান, সরকারি টাকা ইচ্ছেমতো খরচ করা যায় না। এর জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনও এলাকায় কতটা ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া যাবে, তা নিয়েও কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা রয়েছে। সেই নিয়ম মেনেই কাজ করতে হবে।তবে বর্তমান সরকারও এখনও কেন্দ্রের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার মতো পরিমাণ টাকা খরচ করতে পারেনি বলে জানান তিনি। তাঁর বক্তব্য, গত তিন মাসে যতটুকু টাকা খরচ হয়েছে, তা দিয়েই আপাতত বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সব মিলিয়ে বলা যায়, রাজ্যের কোষাগারে টাকা নেই বলে আগের সরকারের যে দাবি ছিল, তা মানতে নারাজ শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি, টাকার অভাব নয়, বরং ঠিকমতো টাকা খরচ করতে না পারা এবং হিসাব জমা না দেওয়াই ছিল মূল সমস্যা।