আরও বাড়ছে সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি মামলার তদন্তের পরিধি! ED স্ক্যানারে একাধিক ব্যবসায়ী

Published on:

Published on:

Enforcement Directorate targets more than ten businessman in Sabyasachi Dutta financial corruption case

বাংলা হান্ট ডেস্কঃ গত জুন মাসে তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের পরিধি আরও বাড়াচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডি (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে উঠে এসেছে সব্যসাচী ঘনিষ্ঠ ১০ জনেরও বেশি ব্যবসায়ী।

ইডি-র নজরে সব্যসাচী ঘনিষ্ঠ কোন কোন ব্যবসায়ী? | (Enforcement Directorate)

জানা গিয়েছে, কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে থাকা ব্যবসায়ীদের তালিকায় নাম রয়েছে, ভরত ধান্ধানিয়া, বিজয়া ধান্ধানিয়া, ভরত লাখোটিয়া, আখতার হোসেন, পবন কুমার ভুবানিয়া, বিকাশ গুপ্তা, কমল গান্ধী, গৌরীশঙ্কর সারাফ, জয় কিষাণ পোদ্দার ও সিদ্ধার্থ বাঙ্কা। ইডি আধিকারিকদের দাবি, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ যোগাযোগের সূত্র ধরে আর্থিক লেনদেনের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

Sabyasachi Dutta

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, একাধিক ব্যবসায়ীর মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা খাটানোর তথ্য তদন্তে সামনে এসেছে। সেই টাকার উৎস কী, কীভাবে নানা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে, এর নেপথ্যে কালো টাকা সাদা করার কোনও প্রক্রিয়া চলেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘ভয় দেখিয়ে, ভুল বুঝিয়ে হলফনামায় সই’! মমতা তৃণমূলের বিরুদ্ধে থানায় FIR ঋত শিবিরের

উদ্ধার হওয়া নথিপত্রের পাশাপাশি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত তথ্য গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আগামীদিনে তদন্তের স্বার্থে সব্যসাচী ঘনিষ্ঠ এই ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের জন্য একে একে তলব করতে পারে ইডি। তাঁদের বয়ান থেকে টাকার উৎস ও লেনদেনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করা হবে।

এছাড়া সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় একটি বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। কলকাতার বেনিয়াপুকুরে প্রায় ৬০ কোটি টাকার একটি বেনামি সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি।

অভিযোগ, প্রায় এক বিঘা জমি কেনার ক্ষেত্রে প্রাক্তন তৃণমূল বিধায়কের যোগসূত্র রয়েছে। তদন্তকারীদের দাবি, সব্যসাচী ঘনিষ্ঠ আখতার হোসেন ও মোজাম্মের হোসেনের নামে ওই জমি কেনা হয়েছিল। তবে প্রকৃত অর্থে টাকা কারা জুগিয়েছিলেন, টাকার উৎস কী ছিল, কালো টাকা সাদা করার কোনও প্রচেষ্টা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ব্যক্তিগত আর্থিক লেনদেনের পাশাপাশি ব্যবসায়ীদের মাধ্যমে টাকার গতিপথ ও সম্পত্তি কেনার পিছনে বৃহত্তর কোনও আর্থিক যোগসূত্র রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। বিস্তারিত তথ্য জানতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় জোরকদমে তদন্ত করছে ইডি। এবার সেই তদন্তের পরিধিই আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে উঠে এসেছেন সব্যসাচী ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী। আগামীদিনে কী সামনে আসে সেটাই দেখার।