বাংলা হান্ট ডেস্কঃ কবে থেকে চালু হবে বেকারভাতা, এই নিয়ে জল্পনার মাঝেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Banglar Yuva Shakti Yojana)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) জানালেন, জানুুয়ারি মাস থেকে চালু হচ্ছে বেকার ভাতা। রাজ্যের শিক্ষিত যুবদের পাশে দাঁড়াতে, যুবসমাজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে যুবশক্তি ভরসা স্কীম।
কারা এই প্রকল্পে যোগ্য? Banglar Yuva Shakti Yojana
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে স্নাতক ও সরকারি কলেজে ভোকেশনাল ট্রেনিংপ্রাপ্তদের প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। আর স্নাতক নন যারা, তাদের ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, আপাতত ১৫ মাস এই টাকা দেওয়া হবে। পরবর্তীতে টাকা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে কারা যোগ্য তাও পরিষ্কার করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, “এক পরিবারে সর্বোচ্চ ২ জন এই ভাতা পাওয়ার যোগ্য।” একইসাথে যাঁরা অন্নপূর্ণা বা অন্য কোনও সরকারি ভাতা পান, তাঁরা কেউ ‘ভরসা’র সুবিধা পাবেন না বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় হাতছাড়া ভারতের! টিম সিলেকশন নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ
আগে জানানো হয়েছিল, যে সমস্ত আবেদনকারী ইতিমধ্যে কোনো স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। পরিবারের কেউ আয়কর প্রদান করলে সেই পরিবারের যুব যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অন্য কোনো সরকারি পেনশন বা একই ধরনের ভাতা প্রাপকরা বাদ পড়বেন। আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা ভুয়ো নথি জমা করে সুবিধা পেতে চাইলেও বাতিল হবে আবেদন। যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন।
উল্লেখ্য, আগে এই প্রকল্পের আওতায় স্নাতক বেকারদের ৩০০০ ও যারা এখনও স্নাতক পাশ করেননি তাদের ২০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যদিও এদিন ঘোষণা করে মুখ্যমত্রী জানান, “আমরা জানিয়েছিলাম, স্নাতকরা প্রতি মাসে ৩০০০ টাকা ও স্নাতক নন যাঁরা, তাঁরা ২০০০ টাকা করে পাবেন। কিন্তু সরকার এসেছে ৬ মাস হয়েছে মোটে। তার মাঝে আগে দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অনেকটা অংশ মেটাতে হয়েছে। তাতে অনেকটা খরচ হয়েছে।”
মুখ্যমন্ত্রী বলেন, “এই সব কারণে জানুয়ারি মাস থেকে একবছর আমরা স্নাতকদের ২০০০ টাকা করে আর স্নাতক নন যারা, তাদের ১৫০০ টাকা করে দেব। এই প্রকল্পের আওতায় এবার স্নাতকের পাশাপাশি কারিগরি শিক্ষার ট্রেনিংপ্রাপ্তদেরও এনেছি। তবে আগামী অর্থবর্ষ মানে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আবার আগের ঘোষণামতো ভাতা দেব। এই ১৫ মাস সবাইকে একটু মানিয়ে নেওয়ার অনুরোধ করছি।”












