৫০ বছর ধরে বেহাল! অবশেষে নতুন রাস্তা পেতে চলেছেন মালদার এই এলাকার মানুষ, খুশিতে করা হল পিকনিক

Published on:

Published on:

People of this area in Malda are finally set to get a new road after 50 years

বাংলা হান্ট ডেস্ক : মালদার (Malda) গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ। দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছিলেন ইংরেজবাজারের বেশ কয়েকটি গ্রামের মানুষ। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিয়েবাড়ির গাড়ি গ্রামে ঢোকানো—সব ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়াত বেহাল রাস্তা। অবশেষে কয়েক দশকের সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। নতুন রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এলাকাজুড়ে।

সরকারের উদ্যোগে মালদার (Malda) নতুন রাস্তা নির্মাণ শুরু

ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের অধীন বাগবাড়ি, সিংপাড়া, বাচ্চা কলোনি ও পাহাড়ি পাড়া-সহ আশপাশের একাধিক জনপদে এবার উন্নত যোগাযোগ ব্যবস্থার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রস্তাবিত রাস্তাটি নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের অবহেলার ইতিহাস। কয়েক দশক আগে তৈরি হওয়া পথটি সময়ের সঙ্গে সঙ্গে এমনভাবে নষ্ট হয়ে যায় যে, সাধারণ মানুষের পক্ষে যাতায়াত করাই কার্যত দুর্বিষহ হয়ে উঠেছিল।

People of this area in Malda are finally set to get a new road after 50 years

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৫০ বছর ধরে এই অঞ্চলে জরুরি পরিষেবার গাড়ি পৌঁছনোর মতো পরিস্থিতি ছিল না। অ্যাম্বুল্যান্স কিংবা দমকলের গাড়ি ঢুকতে না পারায় বিপদের সময় বাসিন্দাদের চরম সমস্যায় পড়তে হত। পুলিশের গাড়ির ক্ষেত্রেও একই পরিস্থিতি ছিল বলে দাবি তাঁদের। এমনকি বিয়ের অনুষ্ঠানে বর বা কনের গাড়িও বাড়ি পর্যন্ত পৌঁছতে পারত না। প্রতিদিনের এই অসুবিধায় অতিষ্ঠ হয়ে কয়েকটি পরিবার নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন : এক মাস ধরে মিলবে না একাধিক ট্রেন, দক্ষিণ-পূর্ব রেলের বড় ঘোষণা

এই পরিস্থিতি বদলাতে বাগবাড়ি বাঁধ থেকে কোতুয়ালি পর্যন্ত নতুন পাকা রাস্তা তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রবিবার ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ির উপস্থিতিতে কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রকল্পের ঘোষণা সামনে আসতেই গ্রামজুড়ে উৎসবের পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিনের অপেক্ষা পূরণের আশায় স্থানীয় বাসিন্দারা নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিতে পিকনিকের আয়োজনও করেন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তা তৈরি হলে শুধু কয়েকটি পাড়ার যাতায়াতের সমস্যাই মিটবে না, উপকৃত হবেন কোতুয়ালি পঞ্চায়েত এলাকার অন্তত ১০ থেকে ১২টি গ্রামের বাসিন্দারা।