বাংলা হান্ট ডেস্কঃ মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি যাতায়াত করে দিয়েছে রাজ্য সরকার। যদিও এক শ্রেণির যাত্রী সেই পরিষেবার অপব্যবহার করছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ফ্রি বাস টিকিটের (Free Bus Ticket) অনলাইন বুকিংয়ে নতুন নিয়ম এনেছে পরিবহণ দফতর। এবার সোজা আধার কার্ড লক করার কথা জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।
ফ্রি বাস টিকিটের বুকিংয়ে নতুন নিয়ম | (Free Bus Ticket)
পরিবহণ দফতরের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ফ্রি বাস টিকিটের বুকিংয়ের ক্ষেত্রে অনলাইনে মাত্র ৩০ শতাংশ টিকিট কাটা যাবে, বাকি ৭০ শতাংশ অফলাইনে কাটতে হবে। পাশাপাশি একই আধার কার্ড ব্যবহার করে পরপর তিনবারের বেশি বুকিং করা হলে সেটি ছয় মাসের জন্য লক করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

অর্জুন বলেন, “সেকু-মাকুরা মহিলাদের ১০০ শতাংশ টিকিট অনলাইনে বুক করে রাখছে। এতে সরকারের যেমন ক্ষতি হচ্ছে, তেমনই যাত্রীরাও হেনস্থার শিকার হচ্ছে।“ মন্ত্রীর দাবি, এই কারসাজির জেরে বিগত ছয় মাসে দফতরের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কড়া পদক্ষেপের পর ১৮ শতাংশ লাভের মুখ দেখেছে দফতর।
আরও পড়ুনঃ সামান্য হলেও ফের DA বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যে, ১ জুলাই থেকে কার্যকর করা হবে বর্ধিত মহার্ঘ ভাতা
ফ্রি বাস টিকিটের পাশাপাশি এদিন বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির ইঙ্গিতও দেন পরিবহণমন্ত্রী। বেসরকারি বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বর্তমানে সঠিক পরিষেবা বজায় রাখতে গেলে ভাড়া বাড়ানো যুক্তিযুক্ত। তবে বাসে উঠলেই নূন্যতম ১৮ টাকা ভাড়ার প্রস্তাব এখনও বিবেচনাধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন। শীঘ্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা সেরে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য বাস ভাড়ার হার ঠিক করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে বিগত বেশ কয়েকদিন ধরেই মহিলাদের ফ্রি বাস পরিষেবার অপব্যবহারের অভিযোগ উঠছিল। টিকিট কাটার পরেও বহু যাত্রী সফর করছিলেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে কড়াকড়ির পথে হেঁটেছে পরিবহণ দফতর। এবার আধার কার্ড লক করার হুঁশিয়ারিও দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।












