অযোগ্য হয়েও নিচ্ছেন বিনামূল্যের রেশন! কেন্দ্রের সমীক্ষায় দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ

Published on:

Published on:

West Bengal tops list of ineligible consumers for free ration

বাংলা হান্ট ডেস্ক : রেশন উপভোক্তাদের তালিকায় এমন অনেক পরিবারের নাম রয়েছে, যারা আদেও সেটার যোগ্য নয়। বাড়িতে সরকারি চাকরিজীবী, একাধিক ঘর, এসি কিংবা নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও মিলছে বিনামূল্যের খাদ্যশস্য। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায় পশ্চিমবঙ্গের (West Bengal) এমন অনিয়মের ছবি ফুটে উঠেছে।

অযোগ্য রেশন উপভোক্তার শীর্ষে বাংলা (West Bengal)

কেন্দ্রের খাদ্য ও গণবণ্টন সংক্রান্ত পর্যালোচনায় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা সব পরিবার নির্ধারিত শর্ত মেনে সুবিধা পাচ্ছে না। সারা দেশের উপভোক্তাদের মধ্যে ১৩.২ শতাংশের ক্ষেত্রে যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ, যাঁদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা নয়, তাঁদের একাংশও সরকারি খাদ্যশস্য সংগ্রহ করছেন। ২০২৫-২৬ অর্থবর্ষের সমীক্ষায় এই অসঙ্গতি ধরা পড়েছে।

West Bengal tops list of ineligible consumers for free ration

তথ্য সংগ্রহের জন্য সমীক্ষকরা দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫১ হাজার ৩০৩টি রেশন উপভোক্তা পরিবারের কাছে পৌঁছেছিলেন। শুধু পরিবারের আর্থিক পরিস্থিতি যাচাই করেই থেমে থাকেননি তাঁরা। খাদ্যশস্য বণ্টনের ব্যবস্থাও খতিয়ে দেখা হয়েছে। সেই উদ্দেশ্যে ৪ হাজার ৯৩৯টি ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকান, ভিজিল্যান্স কমিটির ২ হাজার ৩৬ জন সদস্য এবং ২৪৫টি খাদ্যগুদামকে পর্যালোচনার আওতায় রাখা হয়েছিল।

আরও পড়ুন : ‘দিল’ কে ‘আরাম’ দিতে পাহাড়ে পাড়ি, কার্শিয়ঙের এই গ্রামেই মিলবে শান্তি!

রিপোর্টের রাজ্যভিত্তিক পরিসংখ্যান বাংলার জন্য যথেষ্ট অস্বস্তিকর। এই তালিকার প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম। পশ্চিমবঙ্গে প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে ৩৯.৫ শতাংশকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ত্রিপুরা, সেখানে অনুপযুক্ত উপভোক্তার হার ৩৯.২ শতাংশ। তামিলনাড়ুতে সংখ্যাটি ৩৮.৭ শতাংশ। অর্থাৎ, এই তিন রাজ্যে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া মানুষের প্রায় ৪০ শতাংশের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তালিকায় পরবর্তী স্থানে রয়েছে মেঘালয়। সেখানে অযোগ্য উপভোক্তার হার ২৮.৫ শতাংশ। দেশের সামগ্রিক গড়ের তুলনায় এই রাজ্যগুলির পরিস্থিতি যে অনেকটাই আলাদা, পরিসংখ্যানেই তা স্পষ্ট।

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ভিত্তিতে পরিচালিত এই ব্যবস্থায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার উপভোক্তা পরিবারের প্রত্যেক সদস্য মাসে পাঁচ কেজি করে খাদ্যশস্য পান। অন্যদিকে, অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধাভোগীদের ক্ষেত্রে বরাদ্দের হিসাব আলাদা। এই প্রকল্পে অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার মাসে মোট ৩৫ কেজি খাদ্যশস্য পায়। দুই প্রকল্প মিলিয়ে দেশের প্রায় ৮০ কোটি মানুষ খাদ্যসুরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছেন।

ফলে সমীক্ষায় অযোগ্য উপভোক্তার উপস্থিতি সামনে আসায় রেশন ব্যবস্থার নজরদারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করার পর তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে কি না, কিংবা যাচাইয়ের পদ্ধতিতে কোনও পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।‌ রেশন ব্যবস্থার মতো জনকল্যাণমূলক প্রকল্পে সামান্য গাফিলতিও বিপুল সংখ্যক মানুষের উপর প্রভাব ফেলতে পারে।