বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে SIR-এ যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তারা কি সরকারি সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন, এই প্রশ্নই উঠছে। বিষয়টি নিয়ে আইনি লড়াই এবার পৌঁছেছে সুপ্রিম কোর্টে। একটি আবেদনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। ফলে SIR-এর সঙ্গে সরকারি সুযোগ-সুবিধার কোনও সম্পর্ক তৈরি করা হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এসআইআর-এ (SIR) নাম বাদ গেলেই কি বন্ধ সুযোগ সুবিধা?
মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে মামলাটি ওঠে। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনা। প্রসেনজিৎ বসুর করা আবেদনের ভিত্তিতেই রাজ্যকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনকারীর পক্ষে আইনজীবী নেহা রাঠি আদালতে উপস্থিত ছিলেন। আবেদনে রাজ্য সরকারের কয়েকটি নির্দেশিকা বাতিল করার আর্জি জানানো হয়েছে।

আবেদনকারীর অভিযোগ, ভোটার তালিকার SIR প্রক্রিয়ায় নাম বাদ পড়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি জনকল্যাণমূলক পরিষেবা পাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনা, রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্যসামগ্রী পাওয়া এবং ওবিসি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে এমন কোনও বিধিনিষেধ রাখা হলে তা প্রত্যাহার করা প্রয়োজন বলে দাবি করা হয়েছে। আবেদনকারীদের বক্তব্য, নির্বাচনী তালিকায় নাম থাকা বা না থাকার সঙ্গে সামাজিক সুরক্ষার অধিকারকে এক করে দেখা উচিত নয়।
আরও পড়ুন : আরও বিপাকে ব্রাত্য বসু! যৌন হেনস্থার পর প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ
মামলার শুনানিতে আবেদনকারীদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন ও প্রশান্ত ভূষণ। তাঁদের বক্তব্য, SIR-এর চূড়ান্ত ফলকে কেন্দ্র করে রাজ্য সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। এর ফলে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের রেশন কার্ড-সহ একাধিক পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী মনে করিয়ে দেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে অন্য সরকারি সুবিধা বন্ধ করা যায় না—এই বিষয়টি আদালতের আগের পর্যবেক্ষণেই উঠে এসেছে। কিন্তু আবেদনকারীদের আইনজীবীরা জানান, তাঁদের আপত্তি নির্বাচন কমিশনের কাজ নিয়ে নয়। তাঁদের অভিযোগের নিশানায় রয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি ও প্রশাসনিক সিদ্ধান্ত।
বিষয়টি শুনে বিচারপতি বাগচী জানান, নির্বাচন সংক্রান্ত SIR প্রক্রিয়া এবং রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পের নিয়ম দুটি পৃথক আইনি বিষয়। তাই চলতি মামলায় অন্তর্বর্তী আবেদন না করে এই অভিযোগের জন্য আলাদা রিট পিটিশন দায়ের করা অধিক যুক্তিসঙ্গত। এরপর আবেদনকারীদের তরফে আদালতকে আরও একটি স্পষ্ট নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়। এই মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছে জবাব চাওয়া হলেও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ রাখার বিষয়ে কোনও চূড়ান্ত রায় দেওয়া হয়নি। ফলে SIR-এ নাম বাদ যাওয়া ব্যক্তিদের রেশন, অন্নপূর্ণা যোজনা কিংবা অন্যান্য পরিষেবা নিয়ে তৈরি হওয়া সংশয় এখনও পুরোপুরি কাটেনি।












