বাংলাহান্ট ডেস্ক: বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে বিতর্ক চলছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় থাকা সত্ত্বেও এখনও বকেয়া মহার্ঘ ভাতা (DA Arrear) পাননি গ্রান্ট ইন এইড কর্মচারী ও পেনশনাররা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গ্রান্ট-ইন-এইড কর্মীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিযুক্ত মালহোত্রা কমিটির সিদ্ধান্ত মেনেই পদক্ষেপ করা হবে।
গ্রান্ট-ইন-এইড কর্মীদের ডিএ নিয়ে তুঙ্গে চর্চা | Dearness Allowance
মুখ্যমন্ত্রীর কথায়, ‘গ্রান্ট-ইন-এইড যাঁরা আছেন, সে ক্ষেত্রে আমাদের অবস্থান খুব স্পষ্ট। মালহোত্রা কমিটি এ নিয়ে যা বলবে, তার উপরেই সিদ্ধান্ত নেব। আগের মুখ্যমন্ত্রী যাওয়ার সময়ে কী অর্ডার করে গিয়েছেন, সেটা আমরা ধরছি না। আমরা ধরছি সুপ্রিম কোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সুপারিশ।’

মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, যাঁরা সরাসরি সরকারি কর্মী, তাঁদের বকেয়া ডিএ দিয়ে দিতে হবে। প্রশ্ন উঠছে, সত্যিই কী গ্রান্ট ইন এইড-রা বকেয়া ডিএ পাওয়ার যোগ্য নয়? এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাকারী মূল সংগঠন, কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ।
আরও পড়ুন: ৫০ বছর ধরে বেহাল! অবশেষে নতুন রাস্তা পেতে চলেছেন মালদার এই এলাকার মানুষ, খুশিতে করা হল পিকনিক
সম্প্রতি সমাজমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় গ্রান্ট ইন এইড-দের বকেয়া ডিএ-র প্রসঙ্গে কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর সভাপতি শ্যামল কুমার মিত্র বলেন, ‘আগে আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। যে এই সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ আপনার অধিকার কি অধিকার না। আমরা ২০১৬ সালে যখন মামলা করেছিলাম ধরে নিন আমরা চেয়েছিলাম যে শুধু সরকারি কর্মীরা পাক। তাহলেও কি আমাদের সেই ইচ্ছা পূর্ণ হত? হত না। কারণ আমরা মামলাটা করেছিলাম রোপা ২০০৯ এর ওপর।’
এই বিষয়ে তিনি উল্লেখ করেন, পোষিতরাও যে AICPI মেনে ডিএ বা ডিআর পাওয়ার যোগ্য এটা সম্মানীয় ডক্টর ডক্টর অসীম কুমার দাশগুপ্ত রেখে গিয়েছিলেন এই সংস্থান রোপা ২০০৯-এ। শ্যামলবাবু আরও বলেন, ” আমরা মামলা করেছি এই রোপা ২০০৯ এর ওপরই। কাজেই আমরা চাই বা না চাই, যেহেতু মামলাটা রোপা ২০০৯ এর ওপর, রোপা ২০০৯ এ যাদের যাদের AICPI মেনে ডিএ বা ডিআর দেওয়ার কথা বলা হয়েছে, আইনগতভাবে তাদের প্রত্যেকের এটা অধিকার। অর্থাৎ সুপ্রিম কোর্টের ৫-ই ফেব্রুয়ারীর ২০২৫ এর রায় তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।”
উল্লেখ্য, এই গ্রান্ট ইন এইড কর্মীরা হলেন রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত কর্মী। সরকার পোষিত বা অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড, কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানের কর্মীরা এর আওতায় পড়েন। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পেতে শুরু করলেও এখনও একটা টাকাও পাননি গ্রান্ট ইন এইড-রা।












