টালার পাইপ বিপর্যয় থেকে শিক্ষা! সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বড় নির্দেশ অগ্নিমিত্রার

Published on:

Published on:

Agnimitra Paul orders to find permanent solution after Tala pipeline disaster

বাংলা হান্ট ডেস্কঃ টালায় পাইপ বিপর্যয়ের জেরে ব্যাপক সমস্যার মুখে পড়েছিলেন সাধারণ মানুষ। একদিকে কলকাতার বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ ব্যাহত হয়েছিল, অন্যদিকে বিপর্যস্ত হয়েছিল রেল পরিষেবা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বড় নির্দেশ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এই ধরণের সমস্যা যাতে ফের না হয় তা নিশ্চিত করতে একযোগে পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal), কলকাতা পুরসভা ও পূর্ব রেল।

স্থায়ী সমাধান খোঁজার নির্দেশ অগ্নিমিত্রার | (Agnimitra Paul)

বৃহস্পতিবার রাজ্য সরকার, কলকাতা পুরসভা ও পূর্ব রেলের আধিকারিকদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে, শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি প্রমুখ। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

Agnimitra Paul

টালায় পাইপ বিপর্যয়ের জেরে একদিকে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ ব্যাহত হয়েছিল। অন্যদিকে রেললাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচলও বন্ধ রাখতে হয়। আগামীদিনে এই ধরণের বিপর্যয় যাতে না ঘটে সেই জন্য রেললাইন সংলগ্ন এলাকার যাবতীয় ভূগর্ভস্থ ও মাটির উপরে থাকা পাইপলাইন যৌথভাবে পরিদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ উত্তুরে হাওয়ার দাপটে নামছে পারদ! আজ কোন জেলায় কেমন আবহাওয়া? জানুন আপডেট

কোথায় কী ধরণের পাইপলাইন আছে, সেগুলির বর্তমান অবস্থা কেমন ও কোথাও বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। রাজ্য, পুরসভা ও রেল সমন্বয় রেখে এই কাজ করবে। কোনও ঝুঁকিপূর্ণ পরিকাঠামো পাওয়া গেলে আগাম ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পুরমন্ত্রীর নির্দেশ, সাময়িক মেরামতি করলে হবে না। স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত যৌথ পরিদর্শন সম্পন্ন করতে বলেছেন তিনি।

এছাড়া টালার ঘটনার পর কলকাতার বহু এলাকায় জল সরবরাহের চাপ কমে গিয়েছে। কোথায় জল সবরাহ স্বাভাবিক রয়েছে, কোথায় সমস্যা আছে, তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন অগ্নিমিত্রা। সাধারণ মানুষকে যাতে ফের জলসংকটের সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে শিয়ালদহ দক্ষিণ শাখার পামার ব্রিজ সংলগ্ন এলাকার নিকাশি সমস্যার কথাও ওঠে এসেছিল। এক্ষেত্রেও স্থায়ী সমাধানের জন্য যৌথ উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন পুরমন্ত্রী ও শিয়ালদহের ডিআরএম।

টালায় পাইপ বিপর্যয়ের জেরে একটানা বেশ কয়েকদিন ভোগান্তির সম্মুখীন হয়েছিলেন কলকাতার বিস্তীর্ণ অংশের মানুষ। এই ধরণের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে কার্যত বদ্ধপরিকর পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই কারণে উচ্চপর্যায়ের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি।