বাংলা হান্ট ডেস্ক : দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী পুজোকে (Bolla Kali Puja) কেন্দ্র করে প্রতি বছরই তৈরি হয় উৎসবের আবহ। পুজো দেখতে শুধু জেলার বিভিন্ন প্রান্ত থেকেই নয়, উত্তরবঙ্গের বাইরের বহু জায়গা থেকেও ভক্তরা আসেন। ফলে কয়েক দিনের জন্য বোল্লা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। এবছরও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে উৎসবের আয়োজন কতটা প্রস্তুত, তা দেখতে মন্দির চত্বরে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পুজো দেওয়ার পাশাপাশি তিনি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বোল্লা কালী পুজো (Bolla Kali Puja) নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী
একইসঙ্গে পুণ্যার্থীদের সুবিধার্থে বোল্লা স্টেশনে ট্রেন দাঁড়ানোর বিষয়টিও সামনে আনেন সুকান্ত মজুমদার। মন্দির ও সংলগ্ন এলাকা ঘুরে দেখার পর বৈঠকে বসেন সুকান্ত। শুক্রবার বোল্লা রক্ষাকালী পুজো উপলক্ষে মূল উৎসব শুরু হচ্ছে। সেই সঙ্গে বসবে কয়েক দিনব্যাপী মেলা। এবছর দর্শনার্থীর সংখ্যা ১২ থেকে ১৪ লক্ষে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। এত মানুষের সমাগমে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, তার জন্য এবার আগেভাগেই একাধিক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।

মেলা ও পুজো প্রাঙ্গণের নিরাপত্তায় প্রায় ৪ হাজার পুলিশকর্মী দায়িত্ব পালন করবেন। ভিড়ের গতিবিধি পর্যবেক্ষণ করতে বিভিন্ন জায়গায় শতাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি সাধারণ পোশাকে পুলিশকর্মীদেরও মোতায়েন রাখা হবে, যাতে ভিড়ের মধ্যে কোনও সন্দেহজনক গতিবিধি নজর এড়িয়ে না যায়। অন্যদিকে, যানজটের আশঙ্কা কমাতে মেলা এলাকায় যত্রতত্র গাড়ি রাখার পরিবর্তে নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন : সরকারির মতো বেসরকারি স্কুলের পড়ুয়ারাও পাবে বিনামূল্যে বই! বড় ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রীর
পরিদর্শন শেষে সুকান্ত মজুমদার বলেন, “উত্তরবঙ্গের রাসমেলার পর জনসমাগমের নিরিখে বোল্লা মেলা রাজ্যের অন্যতম বৃহৎ উৎসব। অথচ মেলা চত্বরের পরিসর তুলনায় ছোট। তাই পুণ্যার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে দর্শন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।” মন্ত্রী জানান, আগের বছরগুলিতে ভিড় বাড়তে শুরু করার পর পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হত। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মেলা শুরুর আগেই নিরাপত্তা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই বিভিন্ন এলাকায় পুলিশকর্মীরা দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার বদলে শুরু থেকেই ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া সম্ভব হবে।
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বোল্লা স্টেশনে ট্রেন থামানোর বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। নর্থ ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজারের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে। মেলা কমিটি, মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশের মধ্যে সমন্বয় বজায় রেখেই যাবতীয় ব্যবস্থা পরিচালিত হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে, আগামী বছর বোল্লার এই ঐতিহ্যবাহী উৎসবে মুখ্যমন্ত্রীও যোগ দিতে পারেন বলে আশা প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার। বিপুল জনসমাগমের মধ্যেও যাতে ভক্তরা নির্বিঘ্নে মন্দিরে পৌঁছে পুজো দিতে পারেন, সেই লক্ষ্যেই নিরাপত্তা থেকে পরিবহণ—প্রতিটি ক্ষেত্রেই বাড়তি নজর রাখা হচ্ছে।












