বাংলাহান্ট ডেস্ক : শীতের মরশুমে চমকে দেওয়ার মতো রিপোর্ট কেন্দ্রের। গোটা দেশ মদিরার (Alcohol) নেশায় মজলেও সেদিকে মন নেই বাংলার। কেন্দ্রের চাঞ্চল্যকর রিপোর্ট বলছে, সমগ্র দেশে বেড়েছে নেশার খরচ। কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ এখনও ব্যতিক্রমী। সম্প্রতি এমনই রিপোর্ট দিয়েছে কেন্দ্র।
বাংলায় মদ (Alcohol) পিছু খরচ কত?
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন একটি গবেষণা প্রতিষ্ঠানের দেওয়া তথ্য বলছে, গ্রামবাংলায় বছরে ফরেন লিকার আর বিয়ারের জন্য মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা। সেখানেই তেলেঙ্গানার ছবিটা পুরো উলটপুরাণ। তেলেঙ্গানার গ্রামাঞ্চলে এই খরচ ৩ হাজার ৬১ টাকা, সিকিমে ৩ হাজার ৪৬ টাকা, দিল্লিতে ২ হাজার ২৯৪ টাকা। কার্যত আকাশ পাতাল ফারাক।

শহরে খরচ কত: শুধু গ্রামাঞ্চল নয়, শহরের ছবিটাও খুব একটা আলাদা নয়। রিপোর্ট অনুযায়ী, কলকাতা শহরের মানুষজন বছরে ফরেন লিকার, বিয়ারে খরচ করেন মাথাপিছু ৫৪৮ টাকা। সেখানে সিকিমে ৪ হাজার ২৩২ টাকা, অরুণাচলে ৩ হাজার ৪৫৮ টাকা, তেলেঙ্গানায় খরচ হয় ২ হাজার ৯২৬ টাকা। শুধুমাত্র বেশি দামের নয়, কম দামের দেশি মদের (Alcohol) ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে।
আরও পড়ুন : ‘সীতা’কে নিয়ে কাটাছেঁড়া অব্যাহত, বিতর্ক নিয়ে নীরবতা ভাঙলেন সাই পল্লবী
ধূমপানে খরচ কত: যদিও রিপোর্ট অনুযায়ী, মদ নয়, বিড়ি সিগারেটে বাংলা রয়েছে একেবারে প্রথম দিকে। শহরে বিড়ির পেছনে বছরে মাথাপিছু খরচ হয় ১৬০ টাকা। এক্ষেত্রে দেশে ৩ নম্বরে রয়েছে বাংলা। গ্রাম বাংলায় বিড়ির পেছনে খরচ হয় ২৮০ টাকা।
আরও পড়ুন : প্রিয়াঙ্কা নন, একসময় এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা ভেবেছিলেন শাহরুখ?
রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে মদ থেকে আবগারি বাবদ পশ্চিমবঙ্গে রাজস্ব আদায় হয়েছে ১৯ হাজার ৫২১ কোটি টাকা। আর চলতি অর্থবর্ষে এই খাতে ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আসার কথা রয়েছে।












