বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চলতি আইএসএলে (ISL 2026-27) খেতাবের দৌড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। দুই দলই এদিন একাধিক গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু শেষপর্যন্ত জিমি ম্যাকলারেনের (Jamie Maclaren) গোলে ০-১ ফলে ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে টানা ছয় ম্যাচের পাশাপাশি ডার্বি জিতে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান মজবুত করলো সবুজ মেরুণ শিবির।
এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়ের দেখা পেলো না লাল হলুদ শিবির। শেষ তিনটি লিগের ম্যাচে ২ টি হার ও ১ টি ম্যাচ ড্র করেছে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। এদিন ইস্টবেঙ্গল একাধিক সুযোগ তৈরি করলেও বিশাল কাইথের গ্লাভস ভেদ করে গোলের দেখা পায়নি। জয় গুপ্তার শট একবার পোস্টে লাগে, ডেভিডের শট সেভ করেন বিশাল। গোটা ম্যাচে নিষ্ক্রিয় ছিল ইস্টবেঙ্গলের তারকা স্ট্রাইকার একে লোবা। বেশ কিছু মনে রাখার মতো সেভ করেন গোলরক্ষক পূর্বা লাচেনপা। আনোয়ার ও বিদেশি ডিফেন্ডারহীন ইস্টবেঙ্গল ডিফেন্সের ৬৭ মিনিটের একটি ভুলে দলকে হারের মুখ দেখতে হয় এইদিন।

এদিন ম্যাকলারেনের গোল অফসাইড ছিলো কিনা সেই নিয়ে বিতর্ক হয়তো থেকে যাবে, কিন্তু মনবীরের জায়গায় ৫৯ মিনিটে লিস্টন কোলাসোকে নামিয়ে যে মাস্টার স্ট্রোক খেলেছিলেন গ্রিক কোচ প্যানাগিওটিস ডিলেমপেরিস, তা মেনে নিচ্ছেন প্রত্যেক সমর্থক। ইস্টবেঙ্গল ডিফেন্সকে নামার পর থেকেই একের পর এক আক্রমণ তৈরি করে বিব্রত করছিলেন লিস্টন। ৬৭ মিনিটে তার বুদ্ধিদীপ্ত হেড ধরেই ইস্টবেঙ্গল গোলরক্ষককে পরাস্ত করেন ম্যাকলারেন। এছাড়াও ম্যাচে সহজ সুযোগ নষ্ট করে অনিরুদ্ধ থাপা, ছাঙতে। নয়তো এদিন গোলের ব্যবধান বাড়তেও পারতো।
আরও পড়ুন: এভাবে বিদায় দেওয়া উচিত নয়! রোনাল্ডোর অবসর প্রসঙ্গে পর্তুগিজ ফেডারেশনকে আক্রমণ মেসির প্রিয় কোচের
এদিন মুখোমুখি লড়াইয়ে বলের দখল থেকে শুরু করে গোলরক্ষককে পরীক্ষার মুখোমুখি ফেলা, সব দিক দিয়েই ইস্টবেঙ্গলের চেয়ে কিছুটা হলেও এগিয়ে ছিল মোহনবাগান। এদিন আন্তোনিও লোপেজ হাবাসের দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। অপরদিকে প্রতি ম্যাচেই কড়া লড়াইয়ের মুখোমুখি হয়েও যেভাবে শেষপর্যন্ত নার্ভ ধরে রেখে মোহনবাগানকে জিতিয়ে চলেছেন ফুটবলাররা, তা রীতিমতো স্বস্তির কারণ হয়ে উঠছে সমর্থকদের।
আরও পড়ুন: ACL 2-তে ইতিহাস ইস্টবেঙ্গলের! জিকসনের গোলে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ঐতিহাসিক জয় লাল-হলুদ ব্রিগেডের
আপাতত ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে ৫ পয়েন্টে এগিয়ে মোহনবাগান। ৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে নেমে গিয়েছে ইস্টবেঙ্গল। খেতাবের লড়াই থেকে ছিটকে না গেলেও নিজেদের কাজটা অনেক বেশি কঠিন করে ফেলেছে ইস্টবেঙ্গল। তার মধ্যে গোল করে ইস্টবেঙ্গলের পতাকা ছুড়ে ফেলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মোহনবাগান স্ট্রাইকার ম্যাকলারেন।












