বাংলা হান্ট ডেস্ক : রাজ্য রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘ডিজে’ মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। নির্ধারিত দিনে আদালতে হাজির থাকার কথা থাকলেও তিনি এদিনও উপস্থিত হননি। ফলে মামলাকে ঘিরে নতুন করে আইনি ও রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।
কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ দিতে এলেন না অভিষেক (Abhishek Banerjee)
বুধবার সকাল ১০টার মধ্যে আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সময় পেরিয়ে দুপুর হলেও তিনি আদালতে যাননি। এর আগেই মঙ্গলবার বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে হাই কোর্ট নিম্ন আদালতের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি। বুধবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতে অনুপস্থিতই রইলেন সাংসদ। এদিন আদালতে উপস্থিত ছিলেন সরকারের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় এবং তদন্তকারী সংস্থা সিআইডির আধিকারিকরা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা মেলেনি।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত মে মাসে বাগুইআটিতে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!”
এই বক্তব্যকে কেন্দ্র করে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন :বাসে সফর এবার আরও আরামের! চালু হচ্ছে ৩টি এসি বাস রুট, কোন কোন রুটে চলবে জানুন
অভিযোগকারী পক্ষের আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে জানান, আদালতের নির্দেশ বারবার অমান্য করা হচ্ছে। সেই কারণেই আদালতের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উপযুক্ত ও কড়া আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।
এরপর মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।












