বাংলা হান্ট ডেস্ক : সরকারি জমি দখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগকে কেন্দ্র করে এবার বড় পদক্ষেপ প্রশাসনের। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক (Trinamool Congress) পরেশরাম দাসের মায়ের নামে তৈরি চাঁদমনি বৃদ্ধাশ্রম নিয়ে জমি দখলের অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই এবার আশ্রম কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে সরকারি জমি খালি করার নির্দেশ দেওয়া হল।
সরকারি জমি দখল করে তৃণমূল (Trinamool Congress) বিধায়কের বৃদ্ধাশ্রম
মাতলা নদীর চরে গড়ে ওঠা এই বৃদ্ধাশ্রম নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর রয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, সরকারি জমি দখল করেই ওই আশ্রম তৈরি করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পরেশরাম দাসের উদ্যোগেই বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠিত হয়। জমি নিয়ে এর আগেও প্রশাসনের তরফে নোটিস দেওয়া হয়েছিল। এবার সেই প্রক্রিয়াতেই আরও একধাপ এগিয়ে জমি ছাড়ার নির্দেশ জারি করা হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, আশ্রম কর্তৃপক্ষকে সরকারি জমিতে থাকা কথিত অনুমোদিত দখল সরিয়ে দিতে হবে। পাশাপাশি, নির্দিষ্ট সময়ের মধ্যে জমির দখল প্রশাসনের হাতে তুলে দিতে হবে। প্রশাসনের জারি করা আদেশ অনুযায়ী, নির্দেশ পাওয়ার দিন থেকে ১৫ দিনের মধ্যেই জমি খালি করে ক্যানিং-১-এর ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার (BL&LRO)-এর কাছে দখল হস্তান্তর করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন না হলে সংশ্লিষ্ট আইনের ধারায় পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
শুধু জমি খালি করাই নয়, সেখানে থাকা নির্মাণগুলির বিষয়েও আলাদা করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অর্থে ভবন, শেড, সীমানা প্রাচীর বা অন্য কোনও নির্মাণ তৈরি হয়ে থাকলে সেগুলি সরেজমিনে যাচাই করে রিপোর্ট দিতে বলা হয়েছে ক্যানিং-১-এর BDO-কে।
বৃদ্ধাশ্রম খালি করা হলে প্রবীণদের কী হবে সেই বিষয়েও প্রশাসনের নির্দেশ দেওয়া হয়েছে। মূল ভবনে বসবাসকারী বয়স্কদের সরাসরি উচ্ছেদ না করে তাঁদের পরিচর্যা, প্রয়োজনীয় সহায়তা এবং ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য উপযুক্ত জেলা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানোর কথা বলা হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই বয়স্ক বাসিন্দাদের মূল ভবন থেকে সরানো যাবে না। অর্থাৎ জমি দখলমুক্ত করার প্রশাসনিক প্রক্রিয়া চললেও মানবিক কারণে প্রবীণদের উচ্ছেদ আপাতত স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন : ২৫ থেকে ৩১ অগস্ট বিশেষ উদ্যোগ, রাজ্যের সব স্কুলে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের
এদিকে, প্রশাসনিক আধিকারিকদের কাজে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য ক্যানিং থানার আইসি-কেও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বও দেওয়া হয়েছে পুলিশকে। ফলে চাঁদমনি বৃদ্ধাশ্রমকে ঘিরে সরকারি জমি খালি করার যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমনি বৃদ্ধাশ্রমের প্রবীণদের কথা মাথায় রেখেছে প্রশাসন।













