বাংলা হান্ট ডেস্ক: এবার বিএলওদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission)। এসআইআর (SIR) এর কাজ এখনও শেষ হয়নি। তার মধ্যেই কমিশন বিএলওদের উপর দিল নতুন দায়িত্ব। ভোটার স্লিপ বিলি নিয়ে আরও কড়া হলো কমিশন। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিএলও দের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলির নতুন দায়িত্ব দিল কমিশন।
এসআইআর(SIR) এর কাজে বিএলওদের বাড়লো দায়িত্ব
নির্বাচন কমিশন সূত্রে খবর ভোটার স্লিপ বাড়ি বাড়ি বিলি করতে হবে এবার বিএলওদের। ভোটার স্লিপে থাকবে ভোটারদের নাম, বয়স, ঠিকানা, এপিক নম্বর, পার্ট নম্বর, বুথ নম্বর এবং যে বুথে তিনি ভোট দেবেন তার নাম। ২০১৮ সালে কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল বিএলও রা ভোটার স্লিপ বিলি করবে। কিন্তু সেই নির্দেশ ভোটের সময় সেই অর্থে মান্যতা পায়নি। দেখা গেছে যে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ভোটার স্লিপ বিলি করেছেন।
এবার নির্বাচনের কাজে আরো স্বচ্ছতা আনতে কমিশন এই নির্দেশিকাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছে। যদি কোন ভোটারকে বিএলও বাড়ি গিয়ে ভোটার স্লিপ না দিয়ে আসেন, সে ক্ষেত্রে ভোটাররা ১৯৫০ নম্বরে কল করে বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে আর যদি একবার এরকম কোনও অভিযোগ আসে, সে ক্ষেত্রে কমিশন ২৪ ঘন্টার মধ্যে কড়া পদক্ষেপ নেবে, এমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুন:৬ ঘন্টার জন্য অচল শহর, মিলবে না ওলা-উবের কিছুই! মাথায় হাত নিত্যযাত্রীদের
রাজ্যে ভোটার তালিকা সংশোধনীর কাজ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে বিএলওরা কমিশনের বিপক্ষে সোচ্চার হয়েছেন। কখনো তারা মাত্রা অতিরিক্ত চাপের অভিযোগ তুলেছেন, কখনো পারিশ্রমিক পাননি বলে কমিশনের বিরুদ্ধে গলা চড়িয়েছেন। কিন্তু এবার নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশিকা বিএলওদের উপর চাপ আরও বাড়ালো।
আরও পড়ুন:মার্কিন মুলুকে লাফিয়ে কমছে ভারতীয় পণ্যের দাম! ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী

এসআইআরের চূড়ান্ত তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা। কিন্তু আদৌ ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে কিনা সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তারই মধ্যে বিএলওদের উদ্দেশ্যে এই ভোটার স্লিপ বিলির বার্তা দিয়ে কমিশন আরো কঠোর ও মজবুত করতে চাইছে এসআইআর এর এই প্রক্রিয়াকে। ২০২৬ এর আসন্ন বিধানসভা নির্বাচনে কমিশনের এই নির্দেশ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার। কারণ ২০১৮ সালে কমিশন এই নির্দেশ দিলেও তা কিন্তু কার্যকর হয়নি। তাই এবারে কমিশন এক্ষেত্রে কি কড়া পদক্ষেপ নেয়, সেদিকেই পাখির চোখ সকলের।













